ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে এলেন অ্যান্তোনিও লোপেজ হাবাস
অ্যান্তোনিও লোপেজ হাবাস হলেন ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ। অস্কার ব্রুজোর স্থলাভিষিক্ত হলেন তিনি।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
মোহনবাগ সুপার জায়ান্টে যেদিন হেড কোচের নাম ঘোষণা হল, সেদিনই ইস্টবেঙ্গলও জানিয়ে দিল তাদের নতুন কোচের নাম। অ্যান্তোনিও লোপেজ হাবাস হলেন ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ। অস্কার ব্রুজোর স্থলাভিষিক্ত হলেন তিনি। হাবাস ভারতীয় ফুটবলে অতি পরিচিত নাম। পরীক্ষিত, সফল কোচ। এর আগে এটিকে ও এটিকে মোহনবাগানে কোচিং করিয়ে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন। শারীরিক অসুস্থতার জন্য তাঁকে কিছুটা পিছিয়ে যেতে হয়েছিল। তবে আবার আইলিগে ইন্টার কাশির কোচ হয়ে তাঁর কোচিং দক্ষতার পরিচয় রেখেছেন। এবার লালহলুদের দায়িত্বে এলেন এই স্প্যানিশ কোচ।
ইস্টবেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট মুরারিলাল লোহিয়া বলেন, হাবাসকে কোচ হিসাবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁর দক্ষতা, পেশাদারিত্ব, সাফল্য প্রশ্নাতীত। আমরা আশা করি তাঁর কোচিংয়ে ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।
লালহলুদের দায়িত্ব নিয়ে হাবাস জানান, ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব নিয়ে আমি অত্যন্ত খুশি। এবং সম্মানিত বোধ করছি। আমি গভীর উৎসাহ ও দায়িত্ববোধ নিয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছি। খুব শীঘ্রই কলকাতায় সবার সঙ্গে দেখা হবে। একই সঙ্গে ইস্টবেঙ্গলের সহকারি কোচ হিসাবে যোগ দিলেন কার্লোস আগুস্তেন ফনসিকা তেইজেইরো।








