কলম্বিয়া শিবিরে বিরাট ধাক্কা, চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ফরোয়ার্ড জোন কর্দোবা
বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে নামার আগে কলম্বিয়া শিবিরে বড় ধাক্কা। চোটের জন্য বাকি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ফরোয়ার্ড জোন কর্দোবা

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে নামার আগে কলম্বিয়া শিবিরে বড় ধাক্কা। চোটের জন্য বাকি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ফরোয়ার্ড জোন কর্দোবা। ঘানার বিরুদ্ধে ম্যাচের শুরুতেই তিনি চোট পেয়েছিলেন। জোরে দৌড়োতে গিয়ে হঠাৎই পা চেপে ধরে বসে পড়েন। দু মিনিটের মধ্যে মাঠ থেকে বেরিয়ে যান। পরে এমআরআই রিপোর্টে দেখা যায়, পায়ের মাংসপেশী ছিঁড়ে গেছে। এই ধরণের চোট সারতে অন্তত চার সপ্তাহ সময় লাগে, তাই চলতি বিশ্বকাপে তাঁর আর খেলার সম্ভাবনা নেই।
চোট অবশ্য কর্দোজার আগে থেকেোই ছিল। বিশ্বকাপের আগে থেকেই হ্যামস্ট্রিংয়ের চোট ছিল। যে কারণে দুটি প্রস্তুতি ম্যাচে ও বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি। পরে কঙ্গো ও পর্তুগালের বিরুদ্ধে খেলেছিলেন। এখন তাঁর বিশ্বকাপ শেষ হয়ে গেল।
কর্দোজার বিকল্প ফুটবলার নিতে পারবে না কলম্বিয়া। ফিফার নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচের ২৪ ঘন্টা আগে পর্যন্ত চোটের জন্য ফুটবলার বদলে নেওয়া যায়। গোলরক্ষকদের ক্ষেত্রে অবশ্য নিয়মটা শিথিল আছে। তাই ২৫ জনকে নিয়েই বাকি বিশ্বকাপে খেলতে হবে কলম্বিয়াকে।
জোন কর্দোবা দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। গোল করার আসল লোক। তাই গুরুত্বপূর্ণ বাকি ম্যাচে বেশ সমস্যায় পড়ে গেলেন কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জো।








