ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল কলম্বিয়া
ঘানাকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় চলে গেল কলম্বিয়া। ম্যাচের একমাত্র গে্ালটি করেন জন আরিয়স।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ঘানাকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় চলে গেল কলম্বিয়া। ম্যাচের একমাত্র গে্ালটি করেন জন আরিয়স। গোটা ম্যাচেই প্রাধান্য রেখে এই জয় তুলে নেয় নেস্তর লরেঞ্জোর দল। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইৎজারল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া।
ম্যাচের শুরুতেই কলম্বিয়ার ফরোয়ার্ড জন কর্দোবা কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে মাঠে নামেন লুইস সুয়ারেজ। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই প্রভাব ফেলেন তিনি। ড্যানিয়েল মুনিয়োজের বাড়ানো বল ধরে সুয়ারেজ দুর্দান্ত একটি ক্রস বাড়ান। গোলমুখে থাকা জন আরিয়াস নিখুঁত ফিনিশে বল জালে জড়িয়ে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ তৈরি করেছিল কলম্বিয়া। ৫৬ মিনিটে লুইস দিয়াজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। এরপর দিয়াজের কাছ থেকে আরেকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ঘানার গোলরক্ষক লরেন্স আতি জিগি। গোটা ম্যাচেই তিনি একাধিকবার বাঁচান ঘানাকে। তবে ঘানার আক্রমণভাগে সেই ধার দেখা যায়নি। বলের দখলে পুরো ম্যাচে পিছিয়ে থাকা ব্ল্যাক স্টারস গোলের সুযোগ খুব কমই পেয়েছে। কলম্বিয়ার গোল লক্ষ্য করে আটটি শট নিলেও সবই লক্ষ্যভ্রষ্ট হয়। ঘানাবধ করে কলম্বিয়ার এখন মিশন সুইৎজারল্যান্ড।








