লিভারপুলের শ্রদ্ধার্ঘ্য, জোটাদের স্মৃতিতে অ্যানফিল্ডে ‘ফরএভার ২০’ স্মারক
প্রয়াত ফুটবলার ডিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে লিভারপুলের উদ্যোগ। অ্যানফিল্ড স্টেডিয়ামে স্থাপিত হচ্ছে একটি চিরস্থায়ী স্মারক। তাঁদের মৃত্যুর প্রথম বার্ষিকীর আগে উন্মোচিত এই স্মারকের নাম রাখা হয়েছে ‘Forever 20’ (ফরএভার ২০)।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: প্রয়াত ফুটবলার ডিয়োগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে লিভারপুলের উদ্যোগ। অ্যানফিল্ড স্টেডিয়ামে স্থাপিত হচ্ছে একটি চিরস্থায়ী স্মারক। তাঁদের মৃত্যুর প্রথম বার্ষিকীর আগে উন্মোচিত এই স্মারকের নাম রাখা হয়েছে ‘Forever 20’ (ফরএভার ২০)।
খ্যাতনামা ভাস্কর এমা রজার্স-এর নকশায় নির্মিত এই শিল্পকর্মের কেন্দ্রে রয়েছে জোটার গোল উদযাপনের ভঙ্গিতে একটি প্রবাহমান হৃদয়াকৃতির ভাস্কর্য। দুই ভাই পরতেন ২০ ও ৩০ নম্বর জার্সি। ভাস্কর্যটির মধ্যে তা ফুটিয়ে তোলা হয়েছে।এখানে স্থান পেয়েছে লিভারপুল সমর্থকদের প্রিয় ডিয়োগো জোটার বিখ্যাত গানের কথাও।
২০২৫ সালের ৩ জুলাই সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যুর পর আনফিল্ডে এই জায়গাতেই হাজারো সমর্থক ফুল, স্কার্ফ, জার্সি, ব্যানার, শুভেচ্ছা কার্ড এবং বিভিন্ন শিল্পকর্ম রেখে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেইসব শ্রদ্ধার্ঘ্যের কিছু অংশ ভাস্কর্যটির কাঠামোর সঙ্গে স্থায়ীভাবে সংযুক্ত করা হয়েছে। স্মারকের পাদদেশে ব্যবহার করা হয়েছে তাঁদের জন্মস্থান পর্তুগালের গন্ডোমার থেকে আনা বিশেষ পাথর।
সমর্থকের রেখে যাওয়া একটি ফুলও ব্রোঞ্জে ঢালাই করে স্মারকের অংশ করা হয়েছে, যাতে সেই ব্যক্তিগত শ্রদ্ধার নিদর্শনটি চিরস্থায়ী হয়ে থাকে। ডিয়োগো জোটার ভিডিও গেমের প্রতি ভালোবাসা এবং তাঁর বিখ্যাত উদযাপনের ভঙ্গির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে একটি প্লেস্টেশন কন্ট্রোলার। বিশেষ রঙের প্রলেপের মাধ্যমে জোটার মাতৃভূমি পর্তুগালের পতাকার রঙ এবং তাঁর ফুটবল জীবনের বিভিন্ন ক্লাবের প্রতি ভালোবাসার প্রতিফলনও তুলে ধরা হয়েছে।
‘Forever 20’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালোবাসা, ঐক্য এবং স্মৃতির এক স্থায়ী প্রতীক হয়ে থাকবে। এমনটাই মনে করছে লিভারপুল।








