কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মায়ের বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা অনুমোদন
কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনিয়ার (Vozinha) মা আনা ক্যান্ডিদা এভোরাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা দেওয়া হয়েছে। এর ফলে তিনি সময়মতো ছেলের পরবর্তী বিশ্বকাপ ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনিয়ার (Vozinha) মা আনা ক্যান্ডিদা এভোরাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা দেওয়া হয়েছে। এর ফলে তিনি সময়মতো ছেলের পরবর্তী বিশ্বকাপ ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিজ।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে জেফ্রিজ জানান, ভোজিনিয়া এবং তার মা “রবিবারের ম্যাচের আগে মিয়ামিতে পৌেছে যাবেন”।
বিশ্বকাপের শুরুতেই আলোচনায় আসেন ৪০ বছর বয়সী ভোজিনিয়া। স্পেনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ০-০ গোলে ড্র করতে গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে তিনি দর্শকদের মুগ্ধ করেন। অনেকেই মনে করেছিলেন স্পেন সহজেই ছোট দেশ কেপ ভার্দেকে হারিয়ে দেবে, কিন্তু ভোজিনিয়ার অসাধারণ পারফরম্যান্স সেই প্রত্যাশা ভেঙে দেয়।
তবে তার মা আনা ক্যান্ডিদা এভোরা ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। কারণ, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য প্রয়োজনীয় বন্ড ফি পরিশোধ করা তার পক্ষে সম্ভব ছিল না।
স্পেনের বিপক্ষে ম্যাচের পর ভোজিনিয়া জানান, তার মা এখনও ভিসা পাননি এবং তাই তিনি মাঠে উপস্থিত থেকে ছেলের খেলা দেখতে পারেননি। তাঁর অমন পারফরম্যান্স মাঠে বসে দেখতে পারেননি। সে কারণে আক্ষেপ ছিল ভোজিনিয়ার। আসতে না পারার কারণ ছিল ভিসা ফি দেওয়া তাঁদের পক্ষে সম্ভব ছিল না।
এরপর প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক দলের নেতা হাকিম জেফ্রিজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে আবেদন জানান, যাতে ভোজিনিয়ার মাকে বিশেষ অনুমতি দিয়ে দেশে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
জেফ্রিজ জানান, সব ধরনের ভিসা ফি মুকুব করা হয়েছে এবং আনা ক্যান্ডিদা এভোরাকে মিয়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে নিয়ে যাওয়ার জন্য ভ্রমণ-সংক্রান্ত ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি বলেন, “এটি সম্ভব করে তুলতে সহযোগিতার জন্য আমি পররাষ্ট্রমন্ত্রী রুবিও, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের, কাবো ভার্দে সরকারের এবং ফিফাকে ধন্যবাদ জানাই।”
গ্রুপ ‘এইচ’-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী রবিবার কেপ ভার্দে উরুগুয়ের মুখোমুখি হবে।








