বড় ধাক্কা ইরানের, বেলজিয়াম ম্যাচের আগে মোহাম্মদ মোহেবিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের দাবি
বিশ্বকাপে গ্রুপ ‘জি’-র গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কার মুখে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ডিফেন্ডার মোহাম্মদ মোহেবিকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) দেশ থেকে বহিষ্কার করেছে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: বিশ্বকাপে গ্রুপ ‘জি’-র গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কার মুখে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ডিফেন্ডার মোহাম্মদ মোহেবিকে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (DHS) দেশ থেকে বহিষ্কার করেছে।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইরান। মঙ্গলবার, ১৬ জুন, সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সাত মিনিটের মাথায় এলিজাহ জাস্ট-এর গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এরপর রামিন রেজাইয়ান গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে আবারও গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন জাস্ট। তবে ৬৪তম মিনিটে মোহাম্মদ মোহেবির গোল ইরানকে মূল্যবান এক পয়েন্ট এনে দেয়।
ম্যাচের পর মোহেবির গোল উদযাপনকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোল করার পর তিনি হাত দিয়ে বন্দুকের মতো একটি ভঙ্গি করেন। এই উদযাপন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং তা দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে।
প্রতিবেদন অনুযায়ী, এই বিতর্কিত উদযাপনের পরই যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি প্রকাশ করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
বিতর্কের জবাবে মোহেবি বলেন,
“প্রথমেই আমি লস অ্যাঞ্জেলেসে এসে আমাদের সমর্থন করা সব ইরানি সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ পরিবেশ তৈরি করেছিলেন। উদযাপনটি মুহূর্তের আবেগ থেকে এসেছে। আমি শুধু সমর্থকদের উদ্দেশ্যে সেটি করেছি। এটি কেবল একটি উদযাপন ছিল, এর বেশি কিছু নয়।”
এদিকে সতীর্থ রামিন রেজাইয়ান এ বিষয়ে রাজনৈতিক মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন,
“এটি একটি রাজনৈতিক বিষয়। আমি এ নিয়ে কথা বলতে চাই না। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি এবং ফুটবল সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে এসেছি। যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটি আমাদের নিজেদের মধ্যে।”
গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। মোহেবির অনুপস্থিতি ইরানকে বেশ সমস্যায় ফেলবে, কোনও সন্দেহ নেই।








