আমেরিকায় বিশ্বকাপ, অথচ মাঠে নেই ট্রাম্প! নিজেই কি বিশ্বকাপকে এড়িয়ে চলছেন মার্কিন প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপের অন্যতম বড় চর্চার বিষয় হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতি

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপের অন্যতম বড় চর্চার বিষয় হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতি। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই মনে করেছিলেন, আয়োজক দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নিয়মিত মাঠে উপস্থিত থাকবেন। কিন্তু বিশ্বকাপ অর্ধেকেরও বেশি এগিয়ে গেলেও এখনও পর্যন্ত একটি ম্যাচেও দেখা যায়নি তাঁকে। এমনকি আয়োজক যুক্তরাষ্ট্রের গ্রুপ পর্বের ম্যাচেও তিনি হাজির হননি। ফলে প্রশ্ন উঠছে—ট্রাম্প কি ইচ্ছাকৃতভাবেই বিশ্বকাপ থেকে দূরে রয়েছেন?
মজার বিষয়, বিশ্বকাপ শুরুর আগে ট্রাম্পের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি টিকিট বিক্রিকে ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ বলে দাবি করেছিলেন। গত ডিসেম্বরে ফিফার ড্র অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাত থেকে সংস্থার প্রথম ‘পিস প্রাইজ’ গ্রহণ করেন ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ইনফান্তিনোর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও আলোচনায় ছিল।
শুধু তাই নয়, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের একাধিক বড় ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকেছেন। সুপার বোল, ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল এবং রাইডার কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁকে দেখা গেছে। তাই বিশ্বকাপে তাঁর অনুপস্থিতি আরও বেশি বিস্ময় তৈরি করেছে।
১৯৯৪ সালে যখন প্রথমবার যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হয়েছিল, তখন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন উদ্বোধনী ম্যাচে উপস্থিত থেকে বিশ্ববাসীকে স্বাগত জানিয়েছিলেন। সেই তুলনায় এবার ট্রাম্পের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।
তবে এ নিয়ে হোয়াইট হাউস বা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচের দিন তাঁর পরিবর্তে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানা যায়, ওই সময় হোয়াইট হাউসে আয়োজিত বিশেষ একটি ইউএফসি অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন ট্রাম্প।
তবে অনেকেরই ধারণা, টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ ফাইনালে ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। ততদিন পর্যন্ত তাঁর অনুপস্থিতি ঘিরে জল্পনা চলতেই থাকবে।








