জর্ডনের বিরুদ্ধে শুরু থেকে খেলবেন না লিওনেল মেসি, জানিয়ে দিলেন স্কালোনি
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্কালোনি জানিয়ে দিয়েছেন, মেসি এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না। তবে আর্জেন্টাইন অধিনায়ককে পুরো ম্যাচে বিশ্রাম দেওয়া হবে না। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: গ্রুপ জে-র শীর্ষে থেকে ইতোমধ্যেই রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই শনিবার জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ পর্বের ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে চলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এর মধ্যেই সবচেয়ে বড় প্রশ্ন ছিল—লিওনেল মেসি কি খেলবেন?
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে স্কালোনি জানিয়ে দিয়েছেন, মেসি এই ম্যাচে শুরুর একাদশে থাকছেন না। তবে আর্জেন্টাইন অধিনায়ককে পুরো ম্যাচে বিশ্রাম দেওয়া হবে না। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে।
স্কালোনি বলেন, "লিও বেঞ্চে থাকবে। এখনই চূড়ান্ত একাদশ জানাতে চাই না, তবে লিও পরে মাঠে নামবে।"
শুধু মেসিই নন, দলের বেশিরভাগ নিয়মিত ফুটবলারকেই বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে কোচের। কারণ আর্জেন্টিনা ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে এবং এই ম্যাচের ফল তাদের অবস্থানে কোনও প্রভাব ফেলবে না।
অন্যদিকে, জর্ডন ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফলে ম্যাচটি মূলত আর্জেন্টিনার বেঞ্চ শক্তি যাচাই এবং মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
লিওনেল মেসি বরাবরই প্রতিটি ম্যাচে খেলতে আগ্রহী। তবে সামনে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াই থাকায় স্কালোনি কোনও ঝুঁকি নিতে চাইছেন না। মনে করা হচ্ছে, ম্যাচের দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য মাঠে নেমে ম্যাচের ছন্দ বজায় রাখবেন আর্জেন্টাইন অধিনায়ক।
উল্লেখ্য, জর্ডানের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা আগামী শুক্রবার রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামবে। তাই নকআউট পর্বের আগে দলের প্রধান তারকাদের সতেজ রাখাই এখন স্কালোনির মূল লক্ষ্য।








