এলাভেনিলের জোড়া রুপোয় এশিয়ান গেমসে ভারতের দুর্দান্ত শুরু
মাত্র ২৬ বছর বয়সেই এশিয়ার অন্যতম সেরা শুটার হিসেবে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন এলাভেনিল। ২০২৫ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে শিমকেন্টে ২৫৩.৬ পয়েন্ট করে এশিয়ান রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর ২০২৬ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে নয়াদিল্লিতে নিজের মহাদেশীয় শিরোপাও ধরে রাখেন।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ২০২৬, এশিয়ান গেমসের প্রথম দিনেই পদকের খাতা খুলে ফেলল ভারত। আর সেই সাফল্যের নেপথ্যে শুটিং। আইচিতে রবিবার জোড়া রুপো জিতল ভারতীয় শুটিং দল, দু’টি পদকের সঙ্গেই জড়িয়ে থাকলেন এলাভেনিল ভালারিভান।
দিনের শুরুতেই মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে রুপো জিতে ভারতকে প্রথম পদক এনে দেন এলাভেনিল, সোনম মাসকার এবং বিদর্সা বিনোদ। ভারতীয় দল মোট ১৮৯৮.০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে শেষ করে। ১৯০৪.২ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতে চিন। আয়োজক জাপান ১৮৯৭.১ পয়েন্ট নিয়ে পায় ব্রোঞ্জ।
দলগত ইভেন্টে এলাভেনিলের অবদান ছিল ৬৩৩.৫ পয়েন্ট। সোনম করেন ৬৩৪.১ এবং বিদর্সা যোগ করেন ৬৩০.৪ পয়েন্ট।
তবে সেখানেই থামেননি দুইবারের অলিম্পিয়ান এলাভেনিল। এ ছাড়াও পরের ইভেন্টে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ফাইনালেও দারুণ পারফরম্যান্স করে আরও একটি রুপো জিতে নেন তিনি।
ফাইনালে এলাভেনিলের স্কোর ছিল ২৫২.৪। এলিমিনেশন পর্বের একটা বড় সময় তিনি এগিয়েই ছিলেন। ২০টি শটের পরও জাপানের হিনাতা তাইচির বিরুদ্ধে ২১১.১-২১০.৮ ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতীয় শুটার।
তবে শেষ পর্যন্ত লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেন হিনাতা। ২৫৩.০ পয়েন্ট নিয়ে এশিয়ান গেমসের নতুন রেকর্ড গড়ে সোনা জেতেন তিনি। রিপাবলিক অব কোরিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন বান হিও-জিন ২৩০.৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতেন। অন্যদিকে, সোনম মাসকার ফাইনালে ষষ্ঠ স্থানে শেষ করেন।
সোনা হাতছাড়া হলেও এলাভেনিলের এই রুপো বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এটাই এশিয়ান গেমসে তাঁর প্রথম ব্যক্তিগত পদক। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে কিশোরী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। তবে সেবার ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠতে পারেননি।
মাত্র ২৬ বছর বয়সেই এশিয়ার অন্যতম সেরা শুটার হিসেবে নিজের জায়গা তৈরি করে ফেলেছেন এলাভেনিল। ২০২৫ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে শিমকেন্টে ২৫৩.৬ পয়েন্ট করে এশিয়ান রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর ২০২৬ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে নয়াদিল্লিতে নিজের মহাদেশীয় শিরোপাও ধরে রাখেন।
এশিয়ান গেমসের প্রথম দিনেই তাই ভারতের জন্য বড় বার্তা নিয়ে এল শুটিং। জোড়া রুপোর পদক, যার মধ্যে একটি ব্যক্তিগত ইভেন্টে এলাভেনিল ভালারিভানের পারফরম্যান্স দেখিয়ে দিল, আইচিতে ভারতের শুটাররা বড় মঞ্চে লড়াইয়ের জন্য তৈরি।








