ডোবালো সেই রক্ষণ, ঘরের মাঠে স্পোর্টিং দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল ইস্টবেঙ্গল
রক্ষণের দুটি ভুলে পয়েন্ট খোয়ালো ইস্টবেঙ্গল। অন্যদিকে বুদ্ধি করে যুবভারতী থেকে এক পয়েন্ট নিয়ে চলে গেল দিল্লি। প্রথমার্ধে যখন চাপ রেখেছিল ইস্টবেঙ্গল, তখন কুইক ট্রানজিশনে লোক বাড়িয়ে রক্ষণ জমাট রেখে বেশ ভালোভাবেই সামাল দিচ্ছিল তারা। রক্ষণে লোক বাড়িয়ে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলেই হাবাসের দলকে আটকে দিল দিল্লি। আন্তর্জাতিক বিরতির পর শুরুটা ভালো হল না ইস্টবেঙ্গলের।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এই ম্যাচ জেতা উচিত ছিল ইস্টবেঙ্গলের। যা খেলা হয়েছে, তাতে জেতার কথাও। অন্তত প্রধমার্ধে বেশ দাপিয়ে ফুটবল খেলেছে লালহলুদ ব্রিগেড। পরের পর আক্রমণ। অথচ ৩০ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় দিল্লি। মাঝমাঠ থেকে একটা ছোট্ট মাপা থ্রু এলো। কিন্ত তখন ইস্টবেঙ্গলের গোটা ডিফেন্স এক লাইনে দাঁড়িয়ে। তখন কেন জায়গায় ছিলেন না রাইট ব্যাক হার্দিক, সে প্রশ্ন উঠছে। দারুণ জায়গায় বল পেয়ে যান মহম্মদ আইমেন। মরিয়া হয়ে তাঁকে থামাতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করেন রশিদ। পেনাল্টি থেকে দিল্লিকে এগিয়ে দেন ফোর্টেস।
তারপরও ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁঝ কমেনি। বক্সের মাথায় ওয়ান টু খেলে দুর্দান্ত শট নেন রশিদ। সে যাত্রায় গোলরক্ষক দিল্লির পতন আটকান। কিন্তু তারপরই গোল শোধ। ড্যানির পাস ধরে ইনসাইড করে নিয়েই জোরালো কোনাকুনি শটে সমতা ফেরান এডমুন্ড।
প্রথমার্ধের শেষ মুহূর্তে রশিদ বক্সের মধ্যে ড্রিবল করতে করতে ছোট্ট হিল করে দেন। জয় গুপ্তার গড়ানে শট পোস্টে লাগে। তার আগে ড্যানির একটি শটও বারে লেগে প্রতিহত হয়।
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল খেয়ে বসে ইস্টবেঙ্গল। কর্ণার থেকে ২-১ করেন আশুতোষ মেহতা। কিন্তু সেকেন্ড বল নেওয়ার জন্য আশুতোষ পৌঁছে গেলেন, রশিদ গোল লাইনে চলে এলেন, কিন্তু দুই স্টপারের কেউই জায়গাটায় পৌঁছোতে পারলেন না।
৮২ মিনিটে দুই পরিবর্ত ফুটবলার ডেভিড ও একে লোবার সৌজন্যে গোলটি শোধ করে অন্তত এক পয়েন্ট নিতে পারল ইস্টবেঙ্গল। বলটা তৈরি করে দিয়েছিলেন ডেভিড। তারপর ছিটকে আসা বলে যে দক্ষতায় ও বুদ্ধিমত্তায় লোবা গোলটি করলেন, তাতে এই প্রশ্নটা আবার উঠল, তাঁকে এত পরে নামিয়ে কি ভুল করছেন হাবাস?