আট মাসের লড়াইয়ে পাশে গম্ভীর! তাঁর অনুপ্রেরণাতেই ক্রিকেটে ফিরলেন আকাশ দীপ
গম্ভীরের প্রশংসা করে আকাশ বলেন, “গম্ভীর স্যার প্রচুর অনুপ্রেরণা দেন। সব সময় ইতিবাচক থাকেন। ছোট ছোট বিষয়েও তিনি বড় কিছু খুঁজে পান। ব্যাটিংয়ের দিকেও মনোযোগ দিতে বলেছিলেন তিনি। আমাকে এত প্রশংসা করেন যে, কখনও কখনও নিজেরই সন্দেহ হয়, আমি সত্যিই এতটা ভালো কি না! তবে কোচ যখন আত্মবিশ্বাস জোগান, তখন সেটা নিঃসন্দেহে অনেক সাহায্য করে।”

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: একজন দ্রুতগতির বোলারের কাছে আট মাস ক্রিকেটের বাইরে থাকা যে কতটা কঠিন, তা সহজেই অনুমেয়। বিশেষ করে যখন কেউ ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা পাকা করার পর এমন দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে বাধ্য হন। ঠিক এমনই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে বাংলার পেসার আকাশ দীপকে। চলতি বছরের শুরুতে কোমরের নিচের অংশে স্ট্রেসজনিত চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। সেই চোটের জেরে ২০২৬ সালের আইপিএলের পুরো মরশুমের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ম্যাচেও খেলতে পারেননি তিনি। তবে দীর্ঘ পুনর্বাসন পর্বে তাঁর মনোবল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।
সম্প্রতি নিজের প্রত্যাবর্তনের লড়াই নিয়ে মুখ খুলেছেন ২৯ বছর বয়সি এই বঙ্গ পেসার। আকাশ জানিয়েছেন, চোটের কারণে মাঠের বাইরে থাকলেও নিয়মিত তাঁর খোঁজখবর নিতেন গম্ভীর। কোচের ছোট ছোট বার্তাই তাঁকে মানসিকভাবে শক্তি জুগিয়েছে। গম্ভীরের একটি সাধারণ প্রশ্ন, ‘কেমন চলছে?’—তাঁর কাছে হয়ে উঠেছিল বড় প্রেরণা। এই সামান্য কথার মাধ্যমেই কোচ বুঝিয়ে দিয়েছিলেন, দলের পরিকল্পনায় এখনও রয়েছেন তিনি।
গম্ভীরের প্রশংসা করে আকাশ বলেন, “গম্ভীর স্যার প্রচুর অনুপ্রেরণা দেন। সব সময় ইতিবাচক থাকেন। ছোট ছোট বিষয়েও তিনি বড় কিছু খুঁজে পান। ব্যাটিংয়ের দিকেও মনোযোগ দিতে বলেছিলেন তিনি। আমাকে এত প্রশংসা করেন যে, কখনও কখনও নিজেরই সন্দেহ হয়, আমি সত্যিই এতটা ভালো কি না! তবে কোচ যখন আত্মবিশ্বাস জোগান, তখন সেটা নিঃসন্দেহে অনেক সাহায্য করে।”
কোচের সেই ভরসার মর্যাদাও রেখেছেন আকাশ। ঘরোয়া ক্রিকেটে ইরানি কাপ এবং রঞ্জি ট্রফিতে খেলে নিজের ম্যাচ ফিটনেস প্রমাণ করেন তিনি। তার পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি দুই টেস্টের সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পান বাংলার এই পেসার। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টে বল হাতে নিজের ছন্দও ফিরে পেয়েছেন তিনি। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৫৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন আকাশ। দীর্ঘ আট মাসের কঠিন লড়াই পেরিয়ে তাঁর এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে ভারতীয় শিবিরের কাছে স্বস্তির খবর।








