দু বছর পর শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেও ডব্লিউটিসি-র তলানিতে পাকিস্তান
অবশেষে দুই বছরের অপেক্ষার অবসান। টেস্ট ক্রিকেটে সিরিজ জয়ের খরা কাটাল পাকিস্তান। শুক্রবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল তারা। তবে এই জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে পাকিস্তানের অবস্থানের বিশেষ কোনও পরিবর্তন ঘটাতে পারেনি। দীর্ঘদিন ধরে দীর্ঘতম সংস্করণের ক্রিকেটে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা পাকিস্তান কিছুটা স্বস্তি পেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এখনও একেবারে শেষ স্থানেই রয়েছে তারা।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: অবশেষে দুই বছরের অপেক্ষার অবসান। টেস্ট ক্রিকেটে সিরিজ জয়ের খরা কাটাল পাকিস্তান। শুক্রবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল তারা। তবে এই জয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে পাকিস্তানের অবস্থানের বিশেষ কোনও পরিবর্তন ঘটাতে পারেনি। দীর্ঘদিন ধরে দীর্ঘতম সংস্করণের ক্রিকেটে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা পাকিস্তান কিছুটা স্বস্তি পেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এখনও একেবারে শেষ স্থানেই রয়েছে তারা।
পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেয় তাদের পেস আক্রমণ। প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ আব্বাস, আমের জামাল এবং রাজাউল্লাহ প্রত্যেকেই তিনটি করে উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৩২৫ রান। ফলে প্রথম ইনিংসেই ২২৭ রানের বড় ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস (৫৩), সোনাল দিনুশা (৫৪) এবং মিলান রথনায়েকে (অপরাজিত ৬৬) ব্যাট হাতে লড়াই করেন। তাঁদের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩১৬ রান তোলে শ্রীলঙ্কা। তবে তাতেও পাকিস্তানের সামনে বড় কোনও চ্যালেঞ্জ তৈরি হয়নি। জয়ের জন্য মাত্র ৯০ রানের লক্ষ্য পায় স্বাগতিক দল।
সেই রান তাড়া করতে নেমে মাত্র ১৩ ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান। আমের জামাল ২২ বলে অপরাজিত ৩৪ রান করেন। অন্যদিকে, আজান আওয়াইস অপরাজিত থাকেন ৩২ রানে।
এই জয়ের ফলে ২০২৪ সালের অক্টোবরের পর প্রথমবার টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছিল তারা। তবে এই সাফল্য সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে পাকিস্তানের পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক নয়। এখনও পর্যন্ত ১১টি ম্যাচে মাত্র তিনটি জয় এবং ১২.১২ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার নবম তথা শেষ স্থানে রয়েছে তারা। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়ালেও টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর লড়াই যে এখনও অনেক বাকি, তা স্পষ্ট।








