বিশ্বকাপজয়ী অধিনায়ক থেকে নির্বাচকদের ভাবনার বাইরে, ভারতীয় ক্রিকেটে কি ক্রমশ ফিকে হচ্ছে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ?
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার মাত্র কয়েক মাসের মধ্যেই অনিশ্চয়তার মুখে সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক কেরিয়ার। একসময় যাঁর কাঁধে ছিল জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব, সেই সূর্যকুমারই এখন ভারতের বর্তমান সাদা বলের দলে জায়গা পাওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছেন।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার মাত্র কয়েক মাসের মধ্যেই অনিশ্চয়তার মুখে সূর্যকুমার যাদবের আন্তর্জাতিক কেরিয়ার। একসময় যাঁর কাঁধে ছিল জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব, সেই সূর্যকুমারই এখন ভারতের বর্তমান সাদা বলের দলে জায়গা পাওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছেন।
ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা, বিশেষ করে আইপিএল ২০২৬-এ হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি দল থেকে সূর্যকুমারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন নির্বাচকরা। এর সঙ্গেই শেষ হয় তাঁর অধিনায়কত্বের অধ্যায়। জুন মাসে ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পান শ্রেয়স আইয়ার। নির্বাচকদের এই সিদ্ধান্ত ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছিল নানা প্রশ্ন। তবে তাঁদের লক্ষ্য ছিল নতুন দলগত সমন্বয় নিয়ে এগিয়ে যাওয়া।
কিন্তু এখনও হাল ছাড়তে নারাজ সূর্যকুমার। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ১৪ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ২১ বলে অপরাজিত ৬০ রান করে শুরু করেন নিজের অভিযান। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ১৭৩ রানের লক্ষ্য সাত উইকেট হাতে রেখেই পার করে মুম্বই।
এরপর গুজরাটের বিরুদ্ধে আরও আগ্রাসী মেজাজে দেখা যায় তাঁকে। মাত্র ২৯ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে মুম্বইকে পাঁচ উইকেটে জয় এনে দেন সূর্য। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাঁর এই ইনিংস ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। গোয়ার বিরুদ্ধেও ব্যাট হাতে নিজের ছন্দ বজায় রাখেন তিনি। ১২ বলে ২৫ রান করে দলকে ১৮ রানের জয় পেতে সাহায্য করেন।
টানা তিনটি ইনিংসে ১৬৭ রান করে কার্যত বুঝিয়ে দিয়েছেন, তাঁকে নিয়ে যতই অনিশ্চয়তা তৈরি হোক, লড়াই থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই। নির্বাচকদের পরিকল্পনায় আপাতত তাঁর জায়গা নেই বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও, ব্যাট হাতেই যেন সেই ধারণাকে ভুল প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সূর্যকুমার। বরং প্রতিটি ইনিংসের সঙ্গে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা কে জানিয়েছেন, এই মুহূর্তে নির্বাচকদের পরিকল্পনায় নেই সূর্যকুমার। এমনকী, যশস্বী জয়সওয়ালের মতো প্রতিভাবান ক্রিকেটারকেও ভারতের সাদা বলের দলে জায়গা পেতে সমস্যায় পড়তে হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।
তবে এই পরিস্থিতিতে সূর্যকুমারের লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মহম্মদ শামির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পথ অনুসরণ করে আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারবেন কি তিনি, সেটাই এখন দেখার।
আপাতত ঘরোয়া ক্রিকেটে নিজের ধারাবাহিকতা বজায় রাখাই সূর্যকুমারের প্রধান লক্ষ্য। নির্বাচকদের ভাবনায় ফিরতে হলে তাঁকে যে আরও বড় পরীক্ষা দিতে হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে একটা বার্তা স্পষ্ট বিশ্বকাপজয়ী অধিনায়ক এখনও হার মানতে প্রস্তুত নন।








