জীবন থামেনি, দৌড়ও নয়:দিলীপ গাভিতের সামনে এবার জোড়া সোনার হাতছানি
শৈশবের একটি দুর্ঘটনা তাঁর জীবন বদলে দিয়েছিল। কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নিতে পারেনি। আজ সেই স্বপ্নই তাঁকে নিয়ে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিক মঞ্চে। সামনে দুটি দৌড়, লক্ষ্য দুটি সোনা আর হৃদয়ের কেন্দ্রে সেই তেরঙা।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: জীবন কখনও কখনও একটি মুহূর্তেই বদলে যায়। কিন্তু সেই মুহূর্ত যে ভবিষ্যৎ ঠিক করে দেবে, তা নয়। দিলীপ মহাদু গাভিত এর জীবনও বদলে গিয়েছিল মাত্র পাঁচ বছর বয়সে। একটি দুর্ঘটনায় তাঁর ডান হাতে গুরুতর চোট লাগে। পরবর্তীতে সেই হাত বাদ দিতে হয়। ছোটবেলার সেই ঘটনা তাঁর জীবনে বড় ধাক্কা হয়ে আসতে পারত। কিন্তু সেখানেই শেষ হয়ে যায়নি তাঁর স্বপ্নের গল্প।
অ্যাথলেটিক্সের হাত ধরে নতুন করে পথ চলা শুরু করেন গাভিত। ধীরে ধীরে দৌড়ই হয়ে ওঠে তাঁর শক্তি। যে শিশুটি দুর্ঘটনায় একটি হাত হারিয়েছিল, বহু বছর পর সেই তিনিই আন্তর্জাতিক মঞ্চে ভারতের পতাকা হাতে দাঁড়ালেন। এবার তাঁর সামনে আরও একটি বড় চ্যালেঞ্জ এশিয়ান প্যারা গেমস।
২০২৬ কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০০ মিটার টিফোরসেভেন ইভেন্টে সোনা জিতেছেন গাভিত। ১০.৭১ সেকেন্ড সময় করে গড়েছেন রেকর্ডও। কিন্তু এখানেই থামতে চান না তিনি। এশিয়ান প্যারা গেমসে ১০০ মিটার এবং ৪০০ মিটার দুই ইভেন্টেই নামবেন গাভিত।
এর মধ্যে ৪০০ মিটার তাঁর কাছে আরও বিশেষ। ২০২৩ এশিয়ান প্যারা গেমসে এই ইভেন্টেই সোনা জিতেছিলেন তিনি। সেই সাফল্য ভারতের জন্যও ছিল ঐতিহাসিক, কারণ ওই পদকই প্রতিযোগিতায় দেশের ১০০তম পদক হয়ে উঠেছিল। এবার সেই মঞ্চে ফিরছেন আরও বড় স্বপ্ন নিয়ে দুই ইভেন্টেই সোনা জয়ের লক্ষ্য।
দিলীপ মহাদু গাভিতের কাছে এই দৌড় শুধু সময়, রেকর্ড বা পদকের হিসাব নয়। প্রতিবার ট্র্যাকে নামার পিছনে রয়েছে আরও বড় একটি স্বপ্ন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের তেরঙা আরও একবার উঁচুতে উঠতে দেখা।
শৈশবের একটি দুর্ঘটনা তাঁর জীবন বদলে দিয়েছিল। কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নিতে পারেনি। আজ সেই স্বপ্নই তাঁকে নিয়ে যাচ্ছে আরও একটি আন্তর্জাতিক মঞ্চে। সামনে দুটি দৌড়, লক্ষ্য দুটি সোনা আর হৃদয়ের কেন্দ্রে সেই তেরঙা।
