ভারতে প্রত্যাবর্তন ভিনিসিয়াসের! এক দশক পর সেই পরিচিত মাটিতে ব্রাজিল তারকা
২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিক্স অনূর্ধ্ব ১৭-এর হাত ধরেই ভারতীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের। তখন তিনি ছিলেন ব্রাজিলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার। তাঁর গতি, দক্ষতা এবং বল পায়ে অসাধারণ নিয়ন্ত্রণ সেই সময় থেকেই নজর কেড়েছিল। সেই টুর্নামেন্টের মাধ্যমে ভারতীয় দর্শকরাও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এমন এক প্রতিভাকে, যিনি পরবর্তীতে বিশ্ব ফুটবলের মঞ্চে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: সময়ের চাকা ঘুরে আবার যেন সেই একই জায়গায় ফিরে এসেছে। কয়েক বছর আগে ব্রাজিলের তরুণ ফুটবল প্রতিভা ভিনিসিয়াস জুনিয়র এসেছিলেন ভারতে। তখন তাঁর, চোখে ছিল বড় স্বপ্ন, সামনে অদূর ভবিষ্যতে তারকা হওয়ার হাতছানি। ভারতের মাটিতে খেলেছিলেন ব্রিক্স অনূর্ধ্ব ১৭ কাপ। আর প্রায় এক দশক পর সেই ভিনিসিয়াসই ফিরছেন ভারতে, তবে এবার আর উঠতি প্রতিভা হিসেবে নয়, বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হিসেবে। এবার তাঁর সামনে থাকবে ভারতের ব্লু টাইগার্স।
২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিক্স অনূর্ধ্ব ১৭-এর হাত ধরেই ভারতীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল ভিনিসিয়াস জুনিয়রের। তখন তিনি ছিলেন ব্রাজিলের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার। তাঁর গতি, দক্ষতা এবং বল পায়ে অসাধারণ নিয়ন্ত্রণ সেই সময় থেকেই নজর কেড়েছিল। সেই টুর্নামেন্টের মাধ্যমে ভারতীয় দর্শকরাও কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন এমন এক প্রতিভাকে, যিনি পরবর্তীতে বিশ্ব ফুটবলের মঞ্চে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন।
সময় এগিয়েছে। বদলেছে ভিনিসিয়াসের পরিচয়ও। ২০২৬-এ এসে সেই গল্পই যেন পূর্ণতা পাচ্ছে। গোয়ার মাঠে ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে খেলা সেই কিশোর আজ রিয়াল মাদ্রিদের তারকা। তাঁর গতি, ড্রিবলিং, সৃজনশীলতা এবং প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেওয়ার ক্ষমতা তাঁকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের তালিকায় নিয়ে এসেছে।
এবার সেই বিশ্বতারকাকেই ভারতের মাটিতে আবার দেখতে পাওয়ার অপেক্ষায় ভারতীয় ফুটবলপ্রেমীরা। আর এবার প্রতিপক্ষ হিসেবে থাকবে খোদ ভারতীয় জাতীয় দল।
ভিনিসিয়াস জুনিয়রের ভারত প্রত্যাবর্তনের খবর ইতিমধ্যেই ভারতীয় ফুটবলমহলে তীব্র উন্মাদনার সৃষ্টি করেছে। একসময় যে কিশোর ভারতে এসেছিলেন নিজের প্রতিভার পরিচয় দিতে, প্রায় দশ বছর পর তিনিই ফিরছেন বিশ্ব ফুটবলের মহাতারকা হয়ে।