আইএফএ-তে স্বচ্ছতার দাবিতে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ ফুটবল মহলের প্রতিনিধিরা, তদন্তের আশ্বাস
ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-এর প্রশাসনে স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে দেখা করলেন ফুটবল মহলের একাধিক প্রতিনিধি।

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-এর প্রশাসনে স্বচ্ছতা ও সংস্কারের দাবিতে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে দেখা করলেন ফুটবল মহলের একাধিক প্রতিনিধি। বৈঠকে উপস্থিত ছিলেন সাউদার্ন সমিতি ক্লাবের চেয়ারপার্সন জিনিয়া রায়চৌধুরী, আইএফএ-র প্রাক্তন সহ-যুগ্ম সম্পাদক শেখ নজরুল ইসলাম এবং বাংলা দলের প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার কুন্তল চক্রবর্তী।
বৈঠকে প্রতিনিধিরা আইএফএ-র প্রশাসনিক কাঠামো নিয়ে একাধিক অভিযোগ ও প্রস্তাব ক্রীড়ামন্ত্রীর সামনে তুলে ধরেন। তাঁদের বক্তব্য অনুযায়ী , ৭০ বছরের বেশি বয়সী চারজন কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর দাবি জানানো হয়।
এছাড়াও, প্রতিনিধিরা অভিযোগ করেন যে, ২ লক্ষ টাকার বেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা উচিত হলেও তা সবক্ষেত্রে মানা হচ্ছে না। বিশেষ করে আইএফএ-র ব্রডকাস্টিং সংক্রান্ত কাজ টেন্ডার ছাড়াই অনুমোদন করা হচ্ছে বলেও তাঁরা ক্রীড়ামন্ত্রীর কাছে অভিযোগ জানান।
ম্যাচ ফিক্সিংয়ে ইতিমধ্যে ৭ জন ধরা পড়েছে। ফিক্সিংয়ের পূর্ণ তদন্ত হোক দাবি জানিয়েছেন প্রতিনিধিরা।
সূত্রের খবর, ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে যথাযথ তদন্ত করা হবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, সম্প্রতি আইএফএ-র প্রশাসনিক স্বচ্ছতা ও আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে ফুটবল মহলের একাংশ সরব হয়েছে। সেই আবহেই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এই বৈঠক এবং তদন্তের আশ্বাসকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রীড়া মহল।
