টাইব্রেকারে মরক্কোর কাছে হার, জার্মানির পর বিদায় নিল নেদারল্যান্ডসও
জার্মানির পর নেদারল্যান্ডস। একই দিনে বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই ফেবারিট। টাইব্রেকারে মরক্কোর কাছে ৩-২ গোলে হারল ডাচরা। ১২০ মিনিটের পর ম্যাচের ফল ছিল ১-১।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
জার্মানির পর নেদারল্যান্ডস। একই দিনে বিশ্বকাপ থেকে বিদায় নিল দুই ফেবারিট। টাইব্রেকারে মরক্কোর কাছে ৩-২ গোলে হারল ডাচরা। ১২০ মিনিটের পর ম্যাচের ফল ছিল ১-১।
দু দলের ফুটবলাররা মোট পাঁচটি পেনাল্টি মিস করলেন। একই দিনে দুটি ম্যাচে মোট ১০টি পেনাল্টি মিস হল। বিশ্বকাপে আগে কখনও এমন হয়েছে কি? এদিন গোটা ম্যাচেই যেন গুটিয়ে ছিল নেদারল্যান্ডস। টাইব্রেকারেও তার ধারাবাহিকতা রাখল। অনন্য নজির গড়লেন মরক্কোর সাইবারি। গ্রুপ লিগের তিনটি ম্যাচেই গোল করার পর এদিনও টাইব্রেকারে শেষ শটে গোল করে ম্যাচের নিষ্পত্তি করে দিলেন।
তবে একটা রেকর্ডও উন্নত করল ডাচরা। ২০০৬ বিশ্বকাপের পর থেকে নির্ধারিত সময়ে তাদের হারানো যায়নি। ২০১০, ২০১৪ ও ২০২২-এও হারানো যায়নি নির্ধারিত সময়ে। ২০১৮-য় তারা কোয়ালিফাই করেনি।
তবু এই ম্যাচে নেদারল্যান্ডসকে এগিয়ে দিয়েছিলেন গাকপো। শেষ দিকে তাইবির ক্রস থেকে গোলটি শোধ করে দেন মরক্কোর ইসা দিওপ। তারপর অতিরিক্ত সময়েও আর গোল না হওয়ায় ম্যাচ চলে যায় টাইব্রেকারে।
শেষ ষোলোয় অবশ্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষকে পাচ্ছে মরক্কো। খেলতে হবে কানাডার সঙ্গে। তাই বড় কোনও দুর্ঘটনা না ঘটলে এবারও অন্তত কোয়ার্টার ফাইনালে যাওয়া উচিত গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর।








