সাবা এফসিকে হারিয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
ভারতীয় মহিলা লিগের (IWL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (AWCL) প্রাথমিক পর্বে দুর্দান্ত জয় তুলে নিল। রবিবার মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে আয়োজক দল সাবা এফসিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের টিকিট নিশ্চিত করল লাল-হলুদ।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ভারতীয় মহিলা লিগের (IWL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের (AWCL) প্রাথমিক পর্বে দুর্দান্ত জয় তুলে নিল। রবিবার মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে আয়োজক দল সাবা এফসিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বের টিকিট নিশ্চিত করল লাল-হলুদ।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকিয়ে এবং ভারতের সৌম্যা গুগুলথ। এই জয়ের ফলে প্রাথমিক পর্বে অপরাজিত থেকেই অভিযান শেষ করল মশাল গার্লসরা।
চলতি মরশুমে ইস্টবেঙ্গলে যোগ দেওয়া আনোকিয়ে ইতিমধ্যেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। প্রাথমিক পর্বে এখনও পর্যন্ত চারটি গোল করেছেন তিনি। এর মধ্যে শেষ ম্যাচে রোভার্স এফসির বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল।
প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে রাজশাহী স্টার্সকে ৪-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর রোভার্স এফসিকে ১২-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের গ্রুপের শীর্ষস্থান দখল করে নেয় তারা। তবে শেষ ম্যাচের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আয়োজক সাবাহ এফসি। রোভার্সকে ১৩-০ গোলে হারানোর পাশাপাশি রাজশাহী স্টার্সের বিরুদ্ধেও ২-১ গোলে জয় পেয়েছিল মালয়েশিয়ার দলটি।
সাবাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো AWCL-এর গ্রুপ পর্বে জায়গা করে নিল ইস্টবেঙ্গল। গত মরশুমেও প্রাথমিক পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল তারা। কম্বোডিয়ার নম পেন ক্রাউনকে হারানোর পাশাপাশি হংকংয়ের কিটচির সঙ্গে ড্র করেছিল লাল-হলুদ।
তবে গ্রুপ পর্বে ইরানের বাম খাতুনের বিরুদ্ধে জয় পেলেও চিনের উহান জিয়াগদা এবং উজবেকিস্তানের নাসাফের কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
এবার অবশ্য নতুন আত্মবিশ্বাস নিয়ে গ্রুপ পর্বে নামতে চলেছে মশাল গার্লসরা। প্রাথমিক পর্বের তিন ম্যাচে দুর্দান্ত গোল করার পর সাবাহর বিরুদ্ধে রক্ষণও মজবুত রেখে জয় পাওয়ায় ইস্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশা আরও বেড়ে গেল।
