মেসির জোড়া গোলে সহজেই নক আউটে, তবু এখনও খোলস ছেড়ে বেরোয়নি আর্জেন্টিনা
এদিনও জোড়া গোল করলেন মেসি। আর তাতেই সহজে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নক আউটে চলে গেল আর্জেন্টিনা। শুরুতেই পেনাল্টি মিস দিয়ে দিনটা শুরু করেন ফুটবলের যুবরাজ। কিন্তু শেষ করেন সম্রাটের মত।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
হাতে একটা লিও মেসি থাকলে কী করা যায়, কীভাবে ভাবা যায়, কীভাবে এগোনো যায়, সেটা স্কালোনিকে দেখলেই বোঝা যাচ্ছে। এদিনও জোড়া গোল করলেন মেসি। আর তাতেই সহজে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নক আউটে চলে গেল আর্জেন্টিনা। শুরুতেই পেনাল্টি মিস দিয়ে দিনটা শুরু করেন ফুটবলের যুবরাজ। কিন্তু শেষ করেন সম্রাটের মত।
বিশ্বকাপের ইতিহাসে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা। এদিনই ভাঙলেন মিরোস্লাভ ক্লোজের ১৬ গোলের রেকর্ড। এদিনের জোড়া গোল করে ১৮ গোলের মালিক মেসি।
প্রথম গোলটি বাম প্রান্তিক আক্রমণ থেকে আসা বলে বাঁ পায়ের নিখুঁত ছোবলে। দ্বিতীয় গোলটি একেবারে শেষ মুহূর্তে। ছিটকে আসা বল ধরে ডান দিক থেকে গড়ে তোলেন আক্রমণ। বল ফেরৎ পেয়ে শট নিলে ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে পাঠান যুবরাজ।
সহজেই নক আউটে চলে গেল ঠিকই কিন্তু দল হিসাবে এখনও খোলস ছেড়ে বেরোয়নি আর্জেন্টিনা। রীতিমত হিসেবি ফুটবল। স্কালোনি পরিকল্পনা করেই এগোচ্ছেন। অযথা শক্তিক্ষয় করতে তিনি খুব একটা চাইছেন না। শেষের দিকে পরিবর্তনগুলোও তারই ইঙ্গিত দেয়। শুধু মেসিকে শেষের দিকে বিশ্রাম না দিয়ে সারাক্ষণ মাঠে্ রাখলেন তার কারণ তখনও লিড ছিল মাত্র এক গোলের। সেটা যে নিরাপদ নয়, তা তিনি ভালই জানেন।
হাতে একটা মেসি থাকলে কত সুবিধা, তাও ভালই উপলব্ধি করেন স্কালোনি। কী অবিশ্বাস্যভাবে টুর্নামেন্টটা শুরু করেছেন মেসি! এই একটা মানুষই এখনও মারাদোনার দেশের স্বপ্ন আবার বাস্তবায়িত করতে যে পারেন, এখনই বুঝিয়ে দিয়েছেন।








