বুমরাহ ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে, প্রথমবার ভারতীয় টেস্ট দলে সুযোগ জম্বু কাশ্মীরের আকিব নবির
বুমরাহর পরিবর্তে প্রথমবার ভারতীয় সিনিয়র টেস্ট দলে সুযোগ পেলেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই ডাক পেলেন তিনি।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। বাঁ হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন এই চোট পান তিনি। মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
বুমরাহর পরিবর্তে প্রথমবার ভারতীয় সিনিয়র টেস্ট দলে সুযোগ পেলেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই ডাক পেলেন তিনি।
গত দুই রঞ্জি ট্রফি মরশুমে আউকিব নিয়েছেন মোট ১০৪টি উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মরশুমেই তাঁর শিকার ৬০টি উইকেট। তাঁর অসাধারণ বোলিংয়ের হাত ধরেই জম্মু ও কাশ্মীর ইতিহাসে প্রথমবার রঞ্জি ট্রফি জেতে। এছাড়াও সম্প্রতি ভারত 'এ' দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুটি প্রথম-শ্রেণির ম্যাচে মোট ছয়টি উইকেটও নিয়েছিলেন তিনি।
প্রথম-শ্রেণির ক্রিকেটে আকিব নবির পরিসংখ্যানও অত্যন্ত নজরকাড়া। ৪৩টি ম্যাচে ৭১টি ইনিংসে তিনি নিয়েছেন ১৬২টি উইকেট। তাঁর গড় মাত্র ১৮.৬৩ এবং স্ট্রাইক রেট ৩৮.৫। ক্যারিয়ারে ইতিমধ্যেই ১৬ বার পাঁচ উইকেট এবং চার বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।
এদিকে, শ্রীলঙ্কা সফরের আগে একাধিক চোটের সমস্যায় জর্জরিত ভারতীয় শিবির। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। কোয়াড্রিসেপসের চোটের কারণে খেলতে পারবেন না নীতীশ কুমার রেড্ডিও। ওয়াশিংটন সুন্দরও হ্যামস্ট্রিং সমস্যার জন্য প্রথম টেস্টে অনুপস্থিত থাকবেন। অন্যদিকে, পিঠের স্ট্রেস রিঅ্যাকশন থেকে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় আকাশ দীপও এই সিরিজে এখনও নেই।
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে ১৫ আগস্ট গলের গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। দুটি ম্যাচই ভারতীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে।
এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২৭) চক্রের গুরুত্বপূর্ণ অংশ। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। নয়টি ম্যাচে চারটি জয় ও চারটি হার নিয়ে ভারতের পয়েন্ট শতাংশ (PCT) ৪৮.১৫০।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের সংশোধিত টেস্ট দল:
শুভমন গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুতার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কল, সারাংশ জৈন এবং আকিব নবি।








