সেই ফুটবলার এখনও ইন্দ্রজিতকে জড়িয়ে ধরে বলেন, আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল
দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভি স্পোর্টিং ক্লাব ফুটবলার তৈরির এক আঁতুর ঘর। এই ক্লাব থেকেই অমিত ভদ্র, রূপক চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, সুমিত চৌধুরী, রাজীব দের মত উঠে এসেছিলেন ইন্দ্রজি মিত্র। কিন্তু একেবারে কেরিয়ারের শুরুতেই বরুইপুর লিগে হরিনাভির হয়ে খেলতে গিয়ে হাঁটুতে বড় চোট। অস্ত্রোপচার করিয়ে অনেক চিকিৎসার পর ফিরে আসেন। ময়দানের ছোট দল পেরিয়ে ১৯৮৮-তে সই করেন মোহনবাগানে। কিন্তু নাগজি ট্রফিতে খেলতে গিয়ে সেই পুরনো জায়গায় আবার চোট পান।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
বিভিন্ন কারণে অনেক ফুটবলারের কেরিয়ারই অকালে শেষ হয়ে গিয়েছে। কারও কারও দু-এক বছর খেলেই বড় ক্লাবের জীবন শেষ হয়ে গিয়েছে। ইন্দ্রজিৎ মিত্র তেমনই একটি নাম। আটের দশকে কলকাতা ময়দানের অতি পরিচিত নাম। ১৯৮৬-তে জুনিয়র ভারতীয় দলের জার্সিও গায়ে উঠেছে। অমল দত্তর খুব পছন্দের ফুটবলার ছিলেন। বিদগ্ধ কোচ বলতেন, ময়দানের অনেক প্রতিষ্ঠিত নামী তারকার চেয়েও ভাল স্ট্রাইকার ছিলেন ইন্দ্রজিৎ । কিন্তু চোটই তাঁর কেরিয়ার শেষ করে দেয়। তবে শুধু চোটই নয়, ইন্দ্রজিতের স্বপ্নভঙ্গ হওয়ার আরও কারণ ছিল।
দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভি স্পোর্টিং ক্লাব ফুটবলার তৈরির এক আঁতুর ঘর। এই ক্লাব থেকেই অমিত ভদ্র, রূপক চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, সুমিত চৌধুরী, রাজীব দের মত উঠে এসেছিলেন ইন্দ্রজি মিত্র। কিন্তু একেবারে কেরিয়ারের শুরুতেই বরুইপুর লিগে হরিনাভির হয়ে খেলতে গিয়ে হাঁটুতে বড় চোট। অস্ত্রোপচার করিয়ে অনেক চিকিৎসার পর ফিরে আসেন। ময়দানের ছোট দল পেরিয়ে ১৯৮৮-তে সই করেন মোহনবাগানে। কিন্তু নাগজি ট্রফিতে খেলতে গিয়ে সেই পুরনো জায়গায় আবার চোট পান। আবার ফিরে আসেন, তবে মোহনবাগানের জীবন শেষ হয়ে যায়। চলে যান জর্জ টেলিগ্রাফে। ৮৯-তে সেই মোহনবাগানের বিরুদ্ধে গোলও করেন। ৯০-তে আবার ডাক আসে মোহনবাগানের। কিন্তু এবার অন্য সমস্যা।
অফিস থেকে তাদের পুরো ফুটবল দলকেই বোকারোয় ট্রান্সফার করে দেওয়া হয়। যে ইন্দ্রজিৎ পেশাদার ফুটবলার হবেন বলে আগে রেল, সিএসটিসি, এফসিআইয়ের মত অফিসের চাকরির প্রস্তাব ফিরিয়েছেন, তখন চোট থেকে সেরে উঠে আর তাঁর পক্ষে সেই ঝুঁকি নেওয়া সম্ভব ছিল না, ফলে মোহনবাগানের অফার ফিরিয়ে বোকারো চলে যেতে হয়। দুর্ভাগ্যের শিকার হয়ে অধরাই থেকে যায় বড় দলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন।
এখন কোচিং নিয়েই আছেন। ময়দানের ছোট দলের পাশাপাশি মহমেডানের সহকারি কোচের দায়িত্বও সামলান। এখন নিজের কোচিং ক্যাম্পেই তৈরি করে চলেছেন আগামি প্রজন্মকে। বারুইপুর লিগে প্রথমবার যাঁর সঙ্গে সংঘর্ষে বড় চোটটা লেগেছিল, এখনও তাঁর সঙ্গে দেখা হলে তিনি ইন্দ্রজিতকে জড়িয়ে ধরে বলেন, “আমার জন্য তোমার জীবন শেষ হয়ে গেল।“ এভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনেই। কিন্তু দুর্ভাগ্যকে কে আর কবে অস্বীকার করতে পেরেছে!
