মাত্র ১০ দিনে তিন হ্যাটট্রিক, বিশ্বকাপে হ্যাটট্রিকের রেকর্ড হতে চলেছে
২০২৬ ফুটবল বিশ্বকাপের শুরুতেই যেন গোলের বন্যা। টুর্নামেন্টের প্রথম ১০ দিনের মধ্যেই দেখা মিলেছে তিনটি হ্যাটট্রিকের, যা বিশ্বকাপ ইতিহাসে বিরল ঘটনা। ১৯৮৬ সালের পর এই প্রথম একটি বিশ্বকাপে এত অল্প সময়ের মধ্যে তিনজন ফুটবলার হ্যাটট্রিক করলেন।

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের শুরুতেই যেন গোলের বন্যা। টুর্নামেন্টের প্রথম ১০ দিনের মধ্যেই দেখা মিলেছে তিনটি হ্যাটট্রিকের, যা বিশ্বকাপ ইতিহাসে বিরল ঘটনা। ১৯৮৬ সালের পর এই প্রথম একটি বিশ্বকাপে এত অল্প সময়ের মধ্যে তিনজন ফুটবলার হ্যাটট্রিক করলেন। ফলে গোলের উৎসবে মেতে উঠেছে ফুটবল বিশ্ব।
বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি আসে ১৭ জুন। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে দুর্দান্ত তিন গোল করে ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করেন লিওনেল মেসি। পরদিন, ১৮ জুন, কাতারের বিপক্ষে কানাডার হয়ে হ্যাটট্রিক করে আলোচনায় উঠে আসেন জোনাথন ডেভিড। এরপর ২৬ জুন নরওয়ের বিরুদ্ধে তিন গোল করে ফ্রান্সকে জয় এনে দেন উসমানে ডেম্বেলে। মাত্র ১০ দিনের ব্যবধানে তিনটি হ্যাটট্রিক বিশ্বকাপের আক্রমণাত্মক ফুটবলের নতুন চিত্র তুলে ধরেছে।
পরিসংখ্যান বলছে, ১৯৮৬ সালের বিশ্বকাপে হয়েছিল মোট চারটি হ্যাটট্রিক। এরপর ১৯৯০ থেকে ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত নয়টি বিশ্বকাপের মধ্যে ছয় আসরে দেখা গেছে দুটি করে হ্যাটট্রিক, দু'টি আসরে মাত্র একটি করে, আর ২০০৬ সালের বিশ্বকাপ কেটেছিল একটি হ্যাটট্রিকও ছাড়াই।
সেই তুলনায় ২০২৬ সালের ২৩তম বিশ্বকাপের শুরুটাই ব্যতিক্রমী। মাত্র ১০ দিনেই তিনটি হ্যাটট্রিক হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এই ধারা কি আরও চলবে? টুর্নামেন্টের বাকি অংশে কি ১৯৮৬ সালের চার হ্যাটট্রিকের রেকর্ড ভেঙে যাবে? এমনকি ২০ দিনের মাথায় ছয়টি হ্যাটট্রিক দেখার সম্ভাবনাও কি উড়িয়ে দেওয়া যায়?
নিশ্চিত উত্তর সময়ই দেবে। তবে এতটুকু বলা যায়, ২০২৬ বিশ্বকাপ ইতিমধ্যেই গোল, রোমাঞ্চ এবং ব্যক্তিগত নৈপুণ্যের এক অসাধারণ মঞ্চ হয়ে উঠেছে। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে এই বিশ্বকাপ হ্যাটট্রিকের সংখ্যার দিক থেকেও ইতিহাসের পাতায় বিশেষ স্থান করে নিতে পারে।
পরিসংখ্যানে : হরিপ্রসাদ চট্টোপাধ্যায়








