রবিবার ভোরে আবার মেসি শো, কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা
রবিবার ভোরে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নামছে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। অপেক্ষাকৃত নরম প্রতিপক্ষ সন্দেহ নেই, তবে তাতেও খবু একটা স্বস্তিতে নেই আর্জেন্টিনা।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: মেসি ম্যাজিকের প্রত্যাশায় চোখ কচলে আবার মেগা ম্যাচ। রবিবার ভোরে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নামছে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। অপেক্ষাকৃত নরম প্রতিপক্ষ সন্দেহ নেই, তবে তাতেও খবু একটা স্বস্তিতে নেই আর্জেন্টিনা। স্কালোনির দল যেভাবে কেপ ভার্দে ও মিশরকে হারাতে নাজেহাল হয়ে গেছে, তাতে সুইসরাও যে ছেড়ে কথা বলবে না, সেটাও পরিস্কার। তাই চাপ একটা আছেই মেসিদের ওপর।
সাতবার মুখোমুখি হয়েছে দুই দল। একবারও জিততে পারেনি সুইৎজারল্যান্ড। বিশ্বকাপে ২ বার দেখা হয়েছে, দুবারই হেরেছে। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বকাপে টানা ১১ ম্যাচ অপরাজিত। শেষ ১৪ ম্যাচেই গোল করেছে। শেষ ১১ ম্যাচে তো অন্তত ২ গোল করে করেছে। তাই মেসির নেতৃত্ব দেওয়া আর্জেন্টাইন আক্রমণ সমস্যায় ফেলবেই সুইসদের।
তবে রক্ষণ নিয়ে মাথাব্যথা আছে স্কালোনির। এমনিতে অনেক দলের চেয়েই ভাল আর্জেন্টিনার রক্ষণ, কিন্তু বিশ্বকাপে কেন যে সেখানে সমস্যা হচ্ছে! কেপ ভার্দে বা মিশর সেটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে। সুইসরাও নিশ্চয় এটা দেখেছে।
কিন্তু দলে যখন আছেন লিওনেল মেসি, তখন সব অঙ্ক, সব হিসাব একাই উল্টেপাল্টে দিতে পারেন, যেমন আগের ম্যাচগুলিতে দিয়েছেন।
এর পাশাপাশি ১৯৫৪-র পর আবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নামছে সুইৎজারল্যান্ড। কোচ মুরাত ইয়াশিনের দলে মাঝমাঠে বিরাট দায়িত্ব থাকবে রিকার্ডো রড্রিগেজের ওপর। মেসির দায়িত্ব তাঁকেই নিতে হবে। সেভাবেই প্রস্তুতি সেরেছেন মুরাত ইয়াশিন।
মাঝমাঠ থেকে খেলা তৈরির দায়িত্বে থাকবেন অধিনায়ক গ্রানিত জাকা। আগের ম্যাগুলিতে দুর্দান্ত সব পাসে গোটা দলকে খেলিয়েছেন তিনি। আর আক্রমণভাগে গোল পাওয়ার জন্য ব্রিল এম্বোলার দিকেই তাকিয়ে থাকবে ইউরোপের দেশটি।
আর্জেন্টনা-সুইৎজারল্যান্ড ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে ম্যাচ জিতলে সেমিফাইনালে কার বিরুদ্ধে নামতে হবে, ইংল্যান্ড না নরওয়ে।
