থামানো যাচ্ছেন না বৈভব সূর্যবংশীকে, এবার লিস্ট এ ক্রিকেটে অবিশ্বাস্য, বিধ্বংসী ইনিংস
লিস্ট এ ক্রিকেটেও বিধ্বংসী মেজাজে বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক মঞ্চেও বার্তা দিয়ে দিলেন, আমি আসছি, এসে গেছি।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: এ ছেলেকে কে থামাবে! আইপিএলের মঞ্চে ঝড় তুলে এবার লিস্ট এ ক্রিকেটেও বিধ্বংসী মেজাজে বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ২৯ বলে ৯৪ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক মঞ্চেও বার্তা দিয়ে দিলেন, আমি আসছি, এসে গেছি।
মাত্র ছয় দিন আগে শ্রীলঙ্কা ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে মাঠের উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন। আর রবিবার সেই বিতর্কের জবাব দিলেন ব্যাট হাতে। ভারতের ১৫ বছর বয়সি বিস্ময়বালক বৈভব সূর্যবংশী ত্রিদেশীয় একদিনের সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে এই বিস্ফোরক ইনিংস খেলে নজর কেড়েছেন।
ফাইনালে ওপেন করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন বৈভব। মাত্র ১১ বলেই তিনি পূর্ণ করেন অর্ধশতরান, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটি বলে মনে করা হচ্ছে।
তার প্রথম ১১ বলের স্কোর ছিল অবিশ্বাস্য— ৪, ৪, ৪, ৬, ৬, ০, ৬, ৪, ৪, ৬, ৬। এই বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে ভারত ‘এ’ মাত্র পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮৮ রান তুলে ফেলে।
বৈভবের ইনিংসে ছিল ১০টি চার এবং ৮টি ছক্কা। মাত্র ২৯ বলের এই ঝোড়ো ইনিংস শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে কার্যত ছিন্নভিন্ন করে দেয়।
গত ১৫ জুন শ্রীলঙ্কা ‘এ’-র বিরুদ্ধে সুপার ওভারে ভারতের হারের পর মাঠে উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ শেষে বৈভবকে শ্রীলঙ্কার ক্রিকেটার বিশেন হালামবাগে-র দিকে তেড়ে যেতে এবং ধাক্কা দিতে দেখা যায়।
খবর অনুযায়ী, পুরো সিরিজ জুড়েই দুই ক্রিকেটারের মধ্যে বাকযুদ্ধ চলছিল। ভারতের ইনিংস চলাকালীন হালামবাগে নাকি বৈভবকে উদ্দেশ্য করে বলেছিলেন, “ম্যাচ শেষ... এবার বাড়ি যাও।” ম্যাচ শেষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে শ্রীলঙ্কা ‘এ’ দলের উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই ব্যাট হাতে নিজের প্রতিভার জবাব দিলেন তরুণ ভারতীয় ক্রিকেটার।
বৈভবের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, তিনি অনায়াসেই শতরান পূর্ণ করবেন। কিন্তু শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক সাহান আরাচ্চিগে নবম ওভারে তাকে থামান। স্পিনারের লোভনীয় ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বৈভব। তবে তার আগেই যে অবিশ্বাস্য ঝড়ে ছিন্নভিন্ন করে দিয়েছেন লঙ্কা বাহিনীকে!
ছবি সৌজন্য - বিসিসিআই-ট্যুইটার








