টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ সামি, সোশ্যাল মিডিয়ায় দিলেন বার্তাও
ঠিক ১৩ বছর পরেই অবসর ঘোষণা। সামি প্রথম টেস্ট খেলেন ২০১৩ সালের এই ৬ নভেম্বরই। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল বঙ্গ পেসারের।

ছবি সৌজন্য - আরসিবি
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
থেমে গেল মহম্মদ সামির টেস্ট জীবন। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন ভারতীয় পেসার। দীর্ঘ ১৩ বছরের টেস্ট জীবন শেষ হল।
ঠিক ১৩ বছর পরেই অবসর ঘোষণা। সামি প্রথম টেস্ট খেলেন ২০১৩ সালের এই ৬ নভেম্বরই। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল বঙ্গ পেসারের।
সামি জানান, “আমি যখন প্রথম ভারতের জার্সি পরি তখন একটাই স্বপ্ন ছিল, দেশের জন্য কিছু করা। তারপর থেকে প্রতিটা উইকেট, প্রতিটা লড়াই, প্রতিটা চোট, প্রতিটা কামব্যাক কিছু না কিছু শিখিয়েছে। টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটা ফরম্যাট নয়, কেরিয়ারের একটা বিশেষ অধ্যায়। আজ ভারাক্রান্ত হৃদয়ে, অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।“
৩৬ বছরের ক্রিকেটার বিদায় বেলায় সবাইকে ধন্যবাদ জানান। বলেন, “প্রতিটি সতীর্থ, কোচ, পরিবার এবং সমস্ত ভারতীয় – যাঁরা ভাল সময়ের সঙ্গে খারাপ সময়েও আমাকে সমর্থন করেছেন, আমার ওপর বিশ্বাস রেখেছেন, সবাইকে ধন্যবাদ।“
বিসিসিআই ও সিএবিকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। “আমার প্রতিভার ওপর বিশ্বাস রাখার জন্য, আমাকে বেড়ে ওঠার সুযোগ দেওয়ার জন্য এবং আমার কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ বিসিসিআি ও সিএবিকে। তাদের সমর্থন ও আস্থা আমার কাছে সারাজীবন বিশেষ ব্যাপার হয়ে থাকবে।“
৬৪টি টেস্ট খেলে ২২৯টি উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ৬টি ইনিংসে।টেস্টে তাঁর সেরা বোলিং ৫৬ রানে ৬ উইকেট। সামি শেষ টেস্ট খেলেন ২০২৩-এর জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একই বছরে একদিনের বিশ্বকাপে তিনি সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। সাত ইনিংসে নিয়েছিলেন ২৪টি উইকেট।
আবেগমথিত বার্তায় সামি আরও বলেন, “যদিও টেস্ট ক্রিকেটে শেষ বলটি আমি করে ফেলেছি, কিন্তু ভারতের হয়ে খেলার গর্বটা আমার হৃদয়ে চিরকাল অটুট থাকবে। থ্যাঙ্ক ইউ টেস্ট ক্রিকেট।“
