‘আমি নাকি অবসর নিচ্ছি!’ অবসর জল্পনা নিয়ে রোহিতের সপাট জবাব
কোনও আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে নয়, বরং নিজের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-তে মজার ছলেই অবসর নিয়ে মুখ খুলেছেন তিনি। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর ও অভিনেতা চাঙ্কি পাণ্ডে। নিজেদের সম্পর্কে শোনা সবচেয়ে অদ্ভুত গুজবের কথা জানতে চেয়েছিলেন এক অনুরাগী। করিশ্মা নিজের কঠোর খাদ্যাভ্যাস নিয়ে প্রচলিত কথায় প্রতিক্রিয়া জানান। অন্যদিকে, চাঙ্কি নিজের কৃপণ স্বভাব নিয়ে মজা করেন। এরপর রোহিতের কাছে আসে অবসর নিয়ে প্রশ্ন।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: রোহিত শর্মার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। তবে সেই জল্পনায় এবার নিজেই মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন, অবসর নিয়ে নানা গুঞ্জন এখনও তাঁর কানে আসছে। কিন্তু তাতে যে তিনি এখনই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না, সেই ইঙ্গিতও মিলেছে তাঁর কথায়। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা উসকে দিলেন হিটম্যান।
কোনও আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে নয়, বরং নিজের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-তে মজার ছলেই অবসর নিয়ে মুখ খুলেছেন তিনি। অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর ও অভিনেতা চাঙ্কি পাণ্ডে। নিজেদের সম্পর্কে শোনা সবচেয়ে অদ্ভুত গুজবের কথা জানতে চেয়েছিলেন এক অনুরাগী। করিশ্মা নিজের কঠোর খাদ্যাভ্যাস নিয়ে প্রচলিত কথায় প্রতিক্রিয়া জানান। অন্যদিকে, চাঙ্কি নিজের কৃপণ স্বভাব নিয়ে মজা করেন। এরপর রোহিতের কাছে আসে অবসর নিয়ে প্রশ্ন।
রোহিত বলেন, “যে গুজবটা আমি শুনেছি এবং এখনও শুনে চলেছি, সেটা হল আমি অবসর নিতে চলেছি। আশা করি, আমাদের তিনজনকে নিয়ে ছড়ানো এই গুজবগুলোর অবসান হয়েছে।”
রোহিতের এই মন্তব্যের পর তাঁর একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে জল্পনা আরও একবার আলোচনায় উঠে এসেছে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন তিনি। ফলে আন্তর্জাতিক স্তরে এখন একদিনের ক্রিকেটই তাঁর একমাত্র ফোকাস।
মাঠের পারফরম্যান্সও বলে দিচ্ছে, ব্যাট হাতে এখনও যথেষ্ট কার্যকর রোহিত। শেষ ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে দুটি শতরান ও দুটি অর্ধশতরান। পাশাপাশি প্রায় ১১০.৫০ স্ট্রাইক রেটে রান করেছেন ভারতের অভিজ্ঞ ওপেনার।
নতুন বলে আক্রমণাত্মক ব্যাটিং এবং ইনিংসের শুরুতেই প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলার ক্ষমতা রোহিতকে এখনও ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার করে রেখেছে। ওপেনিংয়ে শুভমন গিলকে অভিজ্ঞতা দিয়ে সাহায্য করার ভূমিকাও তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
২০২৭ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা। সেই প্রতিযোগিতাকে সামনে রেখে রোহিতের এই মন্তব্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করল। অবসর নিয়ে জল্পনা চললেও, তাঁর বক্তব্যে আপাতত একদিনের ক্রিকেট থেকে বিদায়ের কোনও ঘোষণা নেই।








