বিশ্বের সেরা অল ফরম্যাট স্পিনার, বলছেন মাইকেল ক্লার্ক, ম্যাচ জেতানো পারফরম্যান্স করে টিম ম্যানেজমেন্টকে আবার বার্তা দিলেন কুলদীপ যাদব
কুলদীপ যাদব রবিবার আবার বুঝিয়ে দিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়মিত সুযোগ না দিয়ে কত বড় ভুল করছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে আবার ম্যাচ জেতানোর মত বোলিং করলেন কুলদীপ।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
কুলদীপ যাদব রবিবার আবার বুঝিয়ে দিলেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়মিত সুযোগ না দিয়ে কত বড় ভুল করছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে আবার ম্যাচ জেতানোর মত বোলিং করলেন কুলদীপ। দুর্দান্ত ব্যাট করছিল ওয়েস্ট ইন্ডিজ। ৩৫০ রানের দিকে সহজেই এগোচ্ছিল। কিন্তু কুলদীপ সেটা হতে দিলেন না। দুরন্ত বোলিং করে ক্যারিবিয়ান ইনিংসকে ৩০০-র নিচে রেখে দিলেন। ১০ ওভারে ৪০ রানে নিলেন ৪ উইকেট। একটা সময় পরপর দু বলে দুটি উইকেট নিয়ে হ্যাটট্রিকের দোরগোড়ায় চলে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল এরপরও কি তিনি নিয়মিত সুযোগ পাবেন?
কী আশ্চর্য, দলের ভারসাম্যের স্বার্থে নাকি তাঁকে বসানো হয়! আশ্চর্যের ব্যাপার, ব্যাট করতে পারেন এমন বোলারকে খেলানোর জন্য নাকি তাঁর মত একজন ম্যাচ উইনারকে বসতে হবে! রবিবার আর একটা যোগ্য জবাব দিলেন মিস্ট্রি স্পিনার। দেশ বিদেশের বিশেষজ্ঞরাও ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই ভাবনার যুক্তি খুঁজে পান না।
প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক তো বলেই দিলেন , “এই মুহূর্তে বিশ্বের সেরা অল ফরম্যাট স্পিনার কুলদীপ যাদব। কিন্তু ও যথেষ্ট সুযোগ পাচ্ছে না।” ।
কাউন্টি ক্রিকেটে দুরন্ত সাফল্যের পর ইয়র্কশায়ারের কোচ অ্যান্থনি ম্যাকগ্রা তাঁর স্পিন, নিয়ন্ত্রণ এবং ব্যাটারকে সেট-আপ করার ক্ষমতার প্রশংসা করে বলেছেন, কুলদীপকে ফের চুক্তিবদ্ধ করতে তাঁরা “বাইট হিজ হ্যান্ড অফ” করবেন।
ভারতের রবিচন্দ্রন অশ্বিন থেকে মহম্মদ কাইফও কুলদীপের জন্য জোরালো সওয়াল করেছেন । অশ্বিন বলেছিলেন, বারবার বাদ পড়লে একজন বোলারের ছন্দ ও আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে। আর মহম্মদ কাইফের বক্তব্য, কুলদীপকে এবার নিয়মিত সুযোগ দিয়ে পাশে থাকা উচিত।
তবুও কুলদীপ জানেন না, তিনি দলে নিয়মিত হবেন কিনা। রবিবারের পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাকি ম্যাচগুলো হয়ত খেলবেন, কিন্তু ভারতকে বিশ্বকাপ জিততে গেলে কুলদীপের মত ম্যাচ উইনারের আত্মবিশ্বাস এভাবে কমিয়ে দিলে কি চলবে? এখন থেকেই কি এই ব্যাপারটা ভেবে দেখা উচিত নয়?








