কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক, পুরুষদের প্যারা পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতলেন ঝন্ডু কুমার
জীবনের অনেক প্রতিকূলতাকে জয় করে আজ পোডিয়ামে জায়গা করে নিলেন ঝন্ডু। প্রচণ্ড অভাব অনটনের মধ্যে বড় হতে হয়েছে। বাবা সবজি বিক্রেতা। তিনি নিজেও ই রিক্সা চালিয়ে তারপর অনুশীলন করেছেন।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জিতলেন বিহারের ঝন্ডু কুমার। পুরুষদের হেভোযেটে প্যারা পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি। এর আগে ২০২৫ সালে বেজিং বিশ্বকাপে ও ২০২৬ এশিয়া ওসেনিয়া চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন। মোট ১৯০ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতলেন ১৯ বছর বয়সী ভারতীয় লিফটার। এই বিভাগে সোনা জিতেছেন নাইজেরিয়ার রিলুয়ান ইদ্রিস। রুপো জিতলেন ইংল্যান্ডের ম্যাথু হার্ডিং।
জীবনের অনেক প্রতিকূলতাকে জয় করে আজ পোডিয়ামে জায়গা করে নিলেন ঝন্ডু। প্রচণ্ড অভাব অনটনের মধ্যে বড় হতে হয়েছে। পাঁচ বছর বয়সে তাঁর পোলিও হয়। তারপর থেকে শারারিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। বাবা সবজি বিক্রেতা। সেখানে সেই পারিবারিক সবজির দোকানে তাঁর দিন শুরু হত। শেষ হত জিমে। কোভিডের সময় ই রিক্সা চালিয়ে তারপর অনুশীলন করেছেন। শেষ পর্যন্ত জাতীয় কোচ রাজিন্দার সিং রাহেলুর নজরে পড়ে যান। তিনিই ঝন্ডুকে নিয়ে যান সাইয়ে।সেখান থেকেই তাঁর এই উত্তরণ।
পদক জয়ের পর আবেগে ভাসছ্ন তিনি। জানান, “সব সময় ভেবেছি যে কোনওভাবে পদক জিততে হবে। আমি সবার কাছে কৃতজ্ঞ।“
