অলিম্পিক পদকজয়ী মীরাবাঈয়ের এশিয়ান গেমসে প্রথম পদক, রুপোয় ২৮ বছর পর ভারোত্তোলনে ভারতের সাফল্য
বুধবার মহিলাদের ৪৯ কেজি বিভাগে মোট ১৯৮ কেজি ভার তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু । ছিন্যাকে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি ভার তোলেন তিনি। ফলে দ্বিতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন ভারতীয় তারকা।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: অলিম্পিকের রুপো থেকে শুরু করে, বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা, সাথে নিজের ঝুলিতে কমনওয়েলথ গেমসের একাধিক সোনা জয় করে ইতিমধ্যেই ভারত্তোলনের মঞ্চে ইতিমধ্যেই নিজের নাম ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করেছেন মীরাবাঈ চানু I
বুধবার মহিলাদের ৪৯ কেজি বিভাগে মোট ১৯৮ কেজি ভার তুলে রুপো জিতলেন মীরাবাঈ চানু । ছিন্যাকে ৮৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১১ কেজি ভার তোলেন তিনি। ফলে দ্বিতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন ভারতীয় তারকা।
সোনা জিতেছেন উত্তর কোরিয়ার রি সং গুম। তাঁর মোট উত্তোলন ২১৫ কেজি। ইন্দোনেশিয়ার উইজায়ানা লুলুক দিয়ানা ত্রির দখলে ব্রোঞ্জ, মোট ১৯০ কেজি।
তবে মীরাবাঈয়ের কাছে এই রুপোর গুরুত্ব শুধু পদক জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এশিয়ান গেমসই ছিল তাঁর কেরিয়ারের অন্যতম বড় মঞ্চ, যেখানে এতদিন তাঁর পদক ছিল না। সেই আক্ষেপই এবার মুছে গেল।
এশিয়ান গেমসে মীরাবাঈয়ের পথ অবশ্য সহজ ছিল না। ২০১৪ সালে নবম স্থানে শেষ করেছিলেন তিনি। চোটের কারণে ২০১৮ সালের আসরে অংশ নিতে পারেননি। ২০২৩ সালে হাংঝৌয়ে ফের চোটের সমস্যা নিয়ে লড়াই করে চতুর্থ স্থানে শেষ করেছিলেন।
নাগোয়ায় সেই গল্প বদলে দিলেন মীরাবাই। তাঁর ১৯৮ কেজি উত্তোলন সোনা এনে না দিলেও বহু বছরের অপেক্ষার অবসান ঘটাল। একইসঙ্গে এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের ২৮ বছরের পদক-খরাও কাটল। ১৯৯৮ সালে কর্ণম মল্লেশ্বরীর পর এই প্রথম এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের হয়ে পদক এল।
অলিম্পিক, বিশ্বচ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসের সাফল্যের পর এবার এশিয়ান গেমসের রুপোও যোগ হল মীরাবাঈয়ের ঝুলিতে। তাঁর দীর্ঘ পদক-যাত্রার অপূর্ণ অংশটিও অবশেষে পূর্ণ হল।








