এশিয়ান গেমসে রাইফেল শুটিংয়ে জয়জয়কার ভারতের, জোড়া পদক হিমাংশু - রুদ্রাঙ্কশের
তবে শেষ লড়াইয়ে চিনের শেং লিহাওকে টপকাতে পারেননি হিমাংশু। ২৫২.৪ পয়েন্ট নিয়ে রুপো জেতেন তিনি। শেং ২৫৪.২ পয়েন্ট নিয়ে সোনা জিতে নেন।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: জাপানের আইচি-নাগোয়ায় চলতি ২০২৬ এশিয়ান গেমসে শুটিংয়ে আরও একটি স্মরণীয় দিন কাটাল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন হিমাংশু ঢিল্লোঁ। একই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেলেন রুদ্রাঙ্কশ পাটিল। ফলে এই ইভেন্টে ভারতের ঝুলিতে এল জোড়া পদক। সোনা জিতেছেন চিনের শেং লিহাও।
শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন রুদ্রাঙ্কশ। প্রথম সিরিজে ৫২.৮ পয়েন্ট স্কোর করার পর দ্বিতীয় সিরিজে তিনি করেন ৫৩.২। ১২টি শটের পর তাঁর সংগ্রহ ছিল ১২৭.৪ পয়েন্ট, ফলে তিনি লিডে ছিলেন।
অন্যদিকে, হিমাংশুও শুরু থেকেই লড়াইয়ে ছিলেন। ১২টি শটের পর তাঁর স্কোর ছিল ১২৬.৬, আর শেং লিহাওয়ের ১২৬.৩। এরপর প্রতিযোগিতা আরও জমে ওঠে। ১৬টি শটের পর ১৬৮.৮ পয়েন্ট নিয়ে লিডে উঠে আসেন শেং। হিমাংশু ও রুদ্রাঙ্কশ দু’জনেরই তখন স্কোর ছিল ১৬৮.৬।
এরপর হিমাংশু ১০.৯ স্কোর করে রুদ্রাঙ্কশের আরও কাছে চলে আসেন। যদিও পরের শটে ৯.৮ স্কোর করায় তিনি সাময়িকভাবে তৃতীয় স্থানে নেমে যান। ২০টি শটের পরও লিড ধরে রাখেন শেং। সেই সময় রুদ্রাঙ্কশের স্কোর ছিল ২১০.৬ এবং হিমাংশুর ২১০.০।
এরপর আসে প্রতিযোগিতার সবচেয়ে নাটকীয় মুহূর্ত। ২২টি শটের পর ২৩০.৯ পয়েন্টে থেমে যান রুদ্রাঙ্কশ এবং তাঁকে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। মাত্র ০.১ পয়েন্টের ব্যবধানে রুদ্রাঙ্কশকে পিছনে ফেলে ২৩১.০ পয়েন্ট নিয়ে হিমাংশু সোনার লড়াইয়ে জায়গা করে নেন।
তবে শেষ লড়াইয়ে চিনের শেং লিহাওকে টপকাতে পারেননি হিমাংশু। ২৫২.৪ পয়েন্ট নিয়ে রুপো জেতেন তিনি। শেং ২৫৪.২ পয়েন্ট নিয়ে সোনা জিতে নেন।
এর আগে একই দিনে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টেও রুপো জিতেছিল ভারত। রুদ্রাঙ্কশ পাটিল, হিমাংশু ঢিল্লোঁ, এবং পার্থ মানের দল মোট ১৮৯০.১ পয়েন্ট সংগ্রহ করে। চিন ১৮৯৯.০ পয়েন্ট নিয়ে সোনা জেতে এবং সেই স্কোরটি বিশ্বরেকর্ডও গড়ে। দক্ষিণ কোরিয়া ১৮৮৪.২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জেতে।








