এশিয়ান গেমসের জন্য ২০ সদস্যের ভারতীয় পুরুষ হকি দল ঘোষণা, নেতৃত্বে হারমনপ্রীত সিং
ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন তারকা ডিফেন্ডার ও ড্র্যাগ-ফ্লিকার হারমনপ্রীত সিং। অভিজ্ঞ মিডফিল্ডার তথা ভারতের সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা হকি তারকা মনপ্রীত সিং-ও দলে রয়েছেন। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া এই দলকে ঘিরে আশাবাদী ভারতীয় শিবির।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসের জন্য ২০ সদস্যের ভারতীয় পুরুষ হকি দল ঘোষণা করল হকি ইন্ডিয়া।
ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন তারকা ডিফেন্ডার ও ড্র্যাগ-ফ্লিকার হারমনপ্রীত সিং। অভিজ্ঞ মিডফিল্ডার তথা ভারতের সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা হকি তারকা মনপ্রীত সিং-ও দলে রয়েছেন। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া এই দলকে ঘিরে আশাবাদী ভারতীয় শিবির।
গোলরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছেন মোহিত এইচএস এবং সূরজ কারকেরা। ডিফেন্সে রয়েছেন জারমনপ্রীত সিং, হারমনপ্রীত সিং (অধিনায়ক), অমিত রোহিদাস, জুগরাজ সিং, সঞ্জয়, সুমিত এবং যশদীপ সিওয়াচ।
মিডফিল্ডে দায়িত্ব সামলাবেন রাজিন্দর সিং, রাজ কুমার পাল, হার্দিক সিং, মনপ্রীত সিং, নীলকান্ত শর্মা এবং বিবেক সাগর প্রসাদ। অন্যদিকে আক্রমণভাগে থাকছেন দিলপ্রীত সিং, শিলানন্দ লাকরা, সুখজিৎ সিং, মনদীপ সিং এবং অভিষেক।
২০২৩ সালে হাংঝৌ এশিয়ান গেমসে হারমনপ্রীত সিংয়ের নেতৃত্বে সোনা জিতেছিল ভারত। সেই সুবাদে এবার তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামবে। এশিয়ান গেমসে ভারত রয়েছে পুল-এ-তে। তাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে আয়োজক জাপান, কোরিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া।
দল ঘোষণার পর ভারতীয় দলের প্রধান কোচ ক্রেগ ফুলটন বলেন, "এশিয়ান গেমসের জন্য নির্বাচিত ভারতীয় দলটি অত্যন্ত অভিজ্ঞ। জাপানে খেলতে আমরা মুখিয়ে রয়েছি। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সরাসরি লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করবে। সেটাই আমাদের দল এবং দেশের সবচেয়ে বড় লক্ষ্য।"
অধিনায়ক হারমনপ্রীত সিং-ও দলের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, "দলে থাকা তরুণ ও সিনিয়র—সব খেলোয়াড়ের উপরই আমার পূর্ণ আস্থা রয়েছে। প্রত্যেকেই সুযোগকে কাজে লাগাবে বলে বিশ্বাস করি। আমাদের লক্ষ্য থাকবে চাপমুক্ত থেকে খেলাকে উপভোগ করা এবং নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করা।"
এবারের এশিয়ান গেমসে মোট ১২টি দল অংশ নেবে। দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের কাকামিগাহারায় অবস্থিত গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে।
ভারতের সূচি (পুল পর্ব)
২০ সেপ্টেম্বর: ভারত বনাম ইন্দোনেশিয়া
২২ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর: ভারত বনাম কোরিয়া
২৬ সেপ্টেম্বর: ভারত বনাম জাপান
২৮ সেপ্টেম্বর: ভারত বনাম বাংলাদেশ
