শনিবার ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ, কাজে লাগানো যাবে?
এটাই কি ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ? না, সন্দেহ থাকার কথা নয়। আমাদের দীর্ঘ ফুটবল ইতিহাসে অনেক বড় ম্যাচ হয়েছে। অনেক বড় দল এ দেশের মাটিতে খেলে গিয়েছে, কিন্তু এত বড় দল কি খেলে গিয়েছে? এত বড় ম্যাচ কি হয়েছে?

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
শনিবার ভারতীয় ফুটবল ইতিহাসের রেড লেটার ডে হবে কি? ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, এ কারণে অবশ্যই রেড লেটার ডে। কিন্তু যদি সেটাকে ঠিকমত কাজে লাগানো যায়, তাহলেই হবে সত্যিকারের রেড লেটার ডে। ব্লাটারের ঘুমন্ত দৈত্য যদি জেগে উঠতে পারে তবেই সার্থক হবে এত বড় কর্মযজ্ঞ।
এটাই কি ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ? না, সন্দেহ থাকার কথা নয়। আমাদের দীর্ঘ ফুটবল ইতিহাসে অনেক বড় ম্যাচ হয়েছে। অনেক বড় দল এ দেশের মাটিতে খেলে গিয়েছে, কিন্তু এত বড় দল কি খেলে গিয়েছে? এত বড় ম্যাচ কি হয়েছে? হ্যাঁ, মেসির আর্জেন্টিনা খেলে গিয়েছে এই যুবভারতীতেই। কিন্তু সেটা তো আর ভারতের বিরুদ্ধে ছিল না! তাই এই ম্যাচের গুরুত্ব, আকর্ষণ, তাৎপর্য একেবারেই অন্যরকম।
এর আগে কারা খেলে গিয়েছে ভারতে? কতগুলো বড় আকারের ম্যাচ হয়েছে? ক্লাব পর্যায়ে ৭০-এ ইরানের পাস ক্লাব, ৭৩-এ উত্তর কোরিয়ার পিয়ং ইয়ং সিটি ক্লাব, এবং ডক রো গ্যাং, ১৯৭৮-এ আরারাত – এগুলো অবশ্যই বড় ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এর চেয়ে আরও বড় ম্যাচ হয়েছে এ দেশে। বিশেষ করে শহর কলকাতায়। ১৯৭৭-এর ২৪ সেপ্টেম্বর। ফুটবল সম্রাট পেলে খেলে গিয়েছিলেন এই কলকাতায়। মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিল পেলের কসমস। সে এক ঐতিহাসিক ম্যাচ। ঐতিহাসিক দিন।
তারপর ১৯৮৪-তে নেহরু কাপে বুরুচাগা, পম্পিদুদের আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিল ভারতীয় ফুটবল দল। সেও এক ইতিহাস। নেহরু কাপে এছাড়াও উরুগুয়ে, পোল্যান্ড, যুগোস্লাভিয়ার মত দলও খেলে গিয়েছে। ৯-এর দশকের শুরুতে মোহনবাগানের বিরুদ্ধে খেলে গিয়েছিলেন রজার মিল্লাও।
২০০৮-এ এসেছিল বায়ার্ন মিউনিখ। কিংবদন্তি অলিভার কানের বিদায়ী ম্যাচেরও সাক্ষী আমাদের যুবভারতী। তবে লিওনেল মেসির গোটা আর্জেন্টিনা যখন যুবভারতীতে ভেনেজুয়েলার সঙ্গে খেলেছিল, সেটা বোধহয় ছিল একটু বেশিই বড় ম্যাচ।
কিন্তু এই সমস্ত ইতিহাসের পাশে যদি রাখেন শনিবারের ম্যাচকে? হ্যাঁ আলাদা গুরুত্ব, আলাদা উন্মাদনা, আলাদা তাৎপর্য খুঁজে পাবেনই। ব্রাজিল- নামটাই যে অন্য সবকিছুর চেয়ে আলাদা করে দেয়। তারওপর ভিনিসিয়াস জুনিয়রের মত মহাতারকাসহ এই মুহূর্তের সেরা ব্রাজিল দলকে নিয়ে সঙ্গে আসছেন কে? কার্লো আনসেলোত্তি! ভাবুন তাদের বিরুদ্ধে খেলবে খালিদের টিম ইন্ডিয়া।
এমন ঘটনার পাশাপাশি রাখার মত আর কোনও ঘটনা কি ঘটেছে ভারতীয় ফুটবলে? হ্যাঁ, নিঃসন্দেহে এটাই ভারতীয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ।
অত্যুৎসাহীরা বলছেন, ক্রিকেটে ১৯৮৩-র বিশ্বজয় যেমন বদলে দিয়েছিল দেশের ক্রিকেটকে, এই ম্যাচও সেভাবে বদলে দিতে পারে ভারতীয় ফুটবলকে। না অতটা উৎসাহী না হলেও এই আশা করা কি অন্যায়, এই ম্যাচ ভারতীয় ফুটবলের টার্নিং পয়েন্ট হতে পারে! তার জন্য যেটা করার দরকার, সেটা কি করা হবে? প্রশ্ন এটাই!








