মাঠেই লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা, ফুটবল মহলে গভীর উদ্দেগ
ম্যাচের মধ্যেই মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা। আরবি লাইপজিগের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের প্রীতি ম্যাচে ঘটে এই ঘটনা। পরিবর্ত ফুটবলার হিসাবে তিনি মাঠে নেমেছিলেন। ৮১ মিনিটের মাথায় গোলও করেন। তার কয়েক মুহূর্ত পরই হঠাৎ তিনি মাঠে লুটিয়ে পড়েন।

ছবি সৌজন্য ফেসবুক
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ম্যাচের মধ্যেই মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা। আরবি লাইপজিগের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের প্রীতি ম্যাচে ঘটে এই ঘটনা। পরিবর্ত ফুটবলার হিসাবে তিনি মাঠে নেমেছিলেন। ৮১ মিনিটের মাথায় গোলও করেন। তার কয়েক মুহূর্ত পরই হঠাৎ তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দুই দলের মেডিকেল স্টাফরা ছুটে আসেন। শুরু করেন প্রাথমিক চিকিৎসা। কিছুক্ষণ পর অবশ্য বায়ার্ন ফুটবলার নিজেই উঠে দাঁড়িয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন।
এই ঘটনার পর বায়ার্নের পক্ষ থেকে অবশ্য এই ঘটনার কোনও কারণ জানানো হয়নি। তারা শুধু এটুকুই জানিয়েছে, সুস্থ আছেন মুসিয়ালা। এটাই স্বস্তির। জার্মানির বিভন্ন সংবাদমাধ্যমের খবর, মিউনিখের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির বেশি। সম্ভবত সেই কারণেই মাথা ঘুরে পড়ে যান মুসিয়ালা। তবে কেউই কারণটা নিশ্চিত করতে পারেনি। তাই মুসিয়ালাকে নিয়ে ফুটবল মহলে উদ্বেগ বাড়ছে।
তাঁর সাম্প্রতিক চোটের কারণেই উদ্বেগ আরও বাড়ছে। গত বছর ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজির বিরুদ্ধে ম্যাচে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তাঁর ফিবুলায় ফ্র্যাকচার হয়। যে কারণে বেশ কয়েক মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হয়।
সম্প্রতি রিহ্যাব সেরে বায়ার্নের গ্রুপ ট্রিনিংয়ে ফিরেছিলেন। তার মধ্যেই এমন ঘটনা। যতক্ষণ না নিশ্চিত হওয়া যাচ্ছে যে কী কারণে তিনি মাঠে লুটিয়ে পড়লেন, ততক্ষণ হয়ত উদ্বেগটা থেকেই যাবে।
