সেনাদের তুল্যমূল্য লড়াই, বিষ্ণুর একমাত্র গোলে জয়, ইন্ডিয়ান আর্মিকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলও হয়ত ভাবেনি ম্যাচটা এত কঠিন হবে। কিন্তু সেনাদের দুরন্ত লড়াই ম্যাচটা জমিয়ে দিল এবং রীতিমত ঘাম ঝরিয়ে জিততে হল লালহলুদকে। পিভি বিষ্ণুর একমাত্র গোলে ম্যাচ জিতে ডুরান্ড সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ইস্টবেঙ্গলও হয়ত ভাবেনি ম্যাচটা এত কঠিন হবে। কিন্তু সেনাদের দুরন্ত লড়াই ম্যাচটা জমিয়ে দিল এবং রীতিমত ঘাম ঝরিয়ে জিততে হল লালহলুদকে। পিভি বিষ্ণুর একমাত্র গোলে ম্যাচ জিতে ডুরান্ড সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।
এদিন প্রথম একাদশে ৬-৭টি পরিবর্তন করেছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। তবু প্রথমার্ধে বেশ দাপটের সঙ্গেই ম্যাচ নিয়ত্রণ করল ইস্টবেঙ্গল। ক্রমাগত আক্রমণে বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করল। কিন্তু ড্যানি র্যামিরেজ, বিষ্ণুরা সহজ সুযোগ নষ্ট করলেন। তারই মধ্যে বাঁদিক থেকে ইকোমিডিসের ক্রস থেকে হেডে একমাত্র গোলটি করে গেলেন পিভি বিষ্ণু। বিশেষ করে নজর টানলেন জয় গুপ্তা। ডুরান্ডে যেটুকু খেললেন তাতে যে দাঁড়িয়ে যেতে পারেন সে ইঙ্গিত দিয়েছেন রোহিত কুমার। প্রথম দিন গেহলটও মন্দ নন।
দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা ছন্দ হারাল লালহলুদ বিগ্রেড। সেই সুযোগে ম্যাচে দারুণভাবে ফিরে এল ইন্ডিয়ান আর্মি। সমানে সমানে লড়াই করে লালহলুদ জনতার উদ্বেগ বাড়িয়ে তুলল। তবে তারই মধ্যে ম্যাচের সহজতম সুযোগটি হাতছাড়া করলেন জেসন টিকে। মাঝমাঠ থেকে দুরন্ত ডিফেন্সচেরা ফরোয়ার্ড থ্রু বাড়ান ড্যানি র্যামিরেজ। সেই বল ধরে ডানদিক থেকে গোলের বল সাজিয়ে দেন বিপিন সিং। কিন্তু বলে পা ছোঁয়াতে পারলেন না জেসন টিকে। পরমুহূর্তেই জেসন টিকের ব্যাক সেন্টার থেকে একই রকম সুযোগ হাতছাড়া করলেন বিপিন সিং।
ডুরান্ডে কোনও অতিরিক্ত সময় খেলা হবে না। ৯০ মিনিটের শেষে নিষ্পত্তি না হলে সরাসরি টাইব্রেকার হবে। তাই মাত্র এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় শেষদিকে যেভাবে চাপ দিয়েছিল আর্মি দল, তাতে হাবাসের উদ্বেগ ছিল স্বাভাবিক। শেষ পর্যন্ত অবশ্য ওই বিষ্ণুর করা গোলে সেমিফাইনালের টিকিট পকেটে পুরে নিল ইস্টবেঙ্গল।
