ইতিহাসের সন্ধিক্ষণে ভারতীয় ফুটবল, ৩ অক্টোবর যুবভারতীতে ভারতই খেলবে ব্রাজিলের বিরুদ্ধে
"অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচের পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত। সেখানে আমরা আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করব। ৩ অক্টোবর প্রথমবারের মতো ভারতীয় মাটিতে, কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল জাতীয় দল। এটি একটি বিশেষ উপলক্ষ, কারণ বিশ্বের মধ্যে ভারতেই ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থকগোষ্ঠী রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ব্রাজিলের ফুটবলকে ভালোবেসে এসেছে।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: ৩ অক্টোবর এক ঐতিহাসিক দিন হতে চলেছে। এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে ভারতীয় ফুটবলে। ভারতীয় ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ হয়ে যাবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) যৌথভাবে ঘোষণা করেছে যে, এ বছরের ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্ট লেক স্টেডিয়াম)-এ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল ব্রাজিলের ভারতে আসা নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা। আর সেই দলের প্রতিপক্ষ হিসেবে ভারতের মাঠে নামা দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এর আগে ESPN Brasil-এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল যে ব্রাজিল ভারত সফরে আসবে এবং কলকাতায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে, যদিও তখন প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। AIFF ও CBF-এর যৌথ ঘোষণার মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।
সবচেয়ে বড় কথা, প্রতিপক্ষ ভারত হলেও যা খবর আছে, তাতে পূর্ণশক্তির দল নিয়েই আসছে ব্রাজিল। আগে সেপ্টেম্বরের ২৫ ও ২৯ তারিখে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে আনসেলোত্তির দল। সেখান থেকেই তাদের গন্তব্য কলকাতা। নেইমার হয়ত আসছেন না, কারণ ইতিমধ্যেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। তবে ভিনিসিয়াস জুনিয়র, আলিসন, কুনহা, ফ্যাবিনহো – সকলেরই আসার কথা। সন্দেশ-আনোয়ারদের কাছে কতটা গর্বের ব্যাপার হবে যে, তাঁরা পূর্ণশক্তির ব্রাজিলের বিরুদ্ধে খেলবেন।
জানা গিয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল সংস্থার আলোচনা শুরু হয়। বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ ঘিরে ভারতে, বিশেষ করে কলকাতায়, বিশাল স্ক্রিনে ম্যাচ দেখার আয়োজন, শহরজুড়ে ব্রাজিলের পতাকা, দেয়ালচিত্র এবং উৎসবমুখর পরিবেশ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল। ভারতীয় সমর্থকদের এই উচ্ছ্বাসই ব্রাজিলকে ভারতে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী করে তোলে।
CBF এক বিবৃতিতে জানিয়েছে,
"অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচের পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত। সেখানে আমরা আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করব। ৩ অক্টোবর প্রথমবারের মতো ভারতীয় মাটিতে, কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিল জাতীয় দল। এটি একটি বিশেষ উপলক্ষ, কারণ বিশ্বের মধ্যে ভারতেই ব্রাজিল জাতীয় দলের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থকগোষ্ঠী রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ব্রাজিলের ফুটবলকে ভালোবেসে এসেছে। কোটি কোটি ভারতীয় সমর্থকদের সঙ্গে এই ঐতিহাসিক মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখা হবে কলকাতায়।"
অন্যদিকে AIFF-ও এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বিবৃতিতে জানিয়েছে,
"ইতিহাসের পাতায় স্থান করে নেওয়ার মতো একটি দিন। ৩ অক্টোবর, সল্ট লেক স্টেডিয়ামে ভারত বনাম ব্রাজিল – ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।"
এই ম্যাচে ভারতীয় ফুটবল দল ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার (১৯৯২ সাল) পর নিজেদের ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কিংধারী প্রতিপক্ষের মুখোমুখি হবে। বর্তমানে ব্রাজিল ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে রয়েছে।
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার কয়েক মাস পরই ভারত সফরে আসছে ব্রাজিল। বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারলেও ভারতের, বিশেষ করে কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে সেলেসাওদের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বিশ্বকাপ চলাকালীন শহরের অলিগলি আবারও সেজে উঠেছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ রঙে। এবার সেই আবেগ আরও এক ধাপ এগিয়ে বাস্তবে রূপ নিতে চলেছে, যখন ব্রাজিল প্রথমবারের মতো ভারতীয় মাটিতে খেলতে নামবে।
