বাবা-কাকার ফুটবল উত্তরাধিকার, পাকিস্তান বধে ভারতের নায়ক সন্দীপ মাণ্ডি! কী বললেন বাবা-মা?
ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনালে ভারতের জয়ের নায়ক সন্দীপ মাণ্ডি। শেষ মুহূর্তে তাঁর হেডারেই ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড দশমবার খেতাব জিতল ভারত। শুধু তাই নয়, টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ল ব্লু টাইগার্স।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনালে ভারতের জয়ের নায়ক সন্দীপ মাণ্ডি। শেষ মুহূর্তে তাঁর হেডারেই ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড দশমবার খেতাব জিতল ভারত। শুধু তাই নয়, টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ল ব্লু টাইগার্স।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে আলমগীর গাজির গোলে এগিয়ে যায় পাকিস্তান। তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় ভারত। ৬০ মিনিটে সুহেল আহমেদ ভাটের গোলে সমতা ফেরায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি আসে সন্দীপের পা থেকে।
নির্ধারিত সময় শেষ হতে তখন আর মাত্র দুই মিনিট বাকি। পাকিস্তানের রক্ষণভাগের উপর উঠে গিয়ে দুরন্ত হেডারে বল জালে জড়ান ভারতীয় ডিফেন্ডার। তাঁর সেই গোলেই নিশ্চিত হয় ভারতের জয়। মাঠে শুরু হয়ে যায় উচ্ছ্বাস, আর ভারতীয় শিবিরে তখন উৎসবের আবহ।
সন্দীপের এই সাফল্য আরও বিশেষ, কারণ ভারতের শিরোপাজয়ী দলের একমাত্র বাঙালি ফুটবলার তিনি। তাঁর পরিবারেও ফুটবলের ঐতিহ্য রয়েছে। বাবা সুন্দর মাণ্ডি রেলওয়ে এফসি-র হয়ে সেন্টার-ব্যাক হিসেবে খেলেছেন। পাশাপাশি সন্তোষ ট্রফিতে রেলওয়েজের প্রতিনিধিত্বও করেছেন। সন্দীপের কাকা সাগ্রাম মাণ্ডিও ফুটবলে পরিচিত নাম। রেলওয়ে এফসি, মোহনবাগান ও ভবানীপুরের মতো ক্লাবে খেলেছেন তিনি।
ছেলের পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে দেশের জয়সূচক গোল করার মুহূর্ত সুন্দর মাণ্ডির কাছে আবেগঘন অভিজ্ঞতা। এআইএফএফ-এর পিআর টিমকে তিনি বলেন, “দেশের হয়ে ফাইনালে গোল করা, সেটাও শেষ গোল—অসাধারণ অনুভূতি।”
এই গোলের পিছনে দলের পরিকল্পনা ও একসঙ্গে কাজ করার মানসিকতার কথাও তুলে ধরেছেন সুন্দর। তাঁর কথায়, “সবটাই দলগত কাজ। আমাদের পরিকল্পনা ছিল একজন সামনে যাবে, একজন তার পিছনে থাকবে। এটাই টিমওয়ার্ক।”
ফাইনালের আগে ছেলেকে ফোন না করার সিদ্ধান্তও নিয়েছিলেন সুন্দর। বড় ম্যাচের আগে কথা বলে সন্দীপের উপর বাড়তি চাপ তৈরি করতে চাননি তিনি। সুন্দর বলেন, “ফোন করলে হয়তো ও চাপ নিত, মানসিকভাবে উত্তেজিত হয়ে পড়ত। তাই ম্যাচের আগে ফোন করিনি। আগের ম্যাচগুলোর পর অবশ্য আমি ফোন করে ওর ভুলগুলো বুঝিয়ে দিই।”
ছেলের ঐতিহাসিক গোলের পর সন্দীপের মাও আবেগ ধরে রাখতে পারেননি। গোটা মাণ্ডি পরিবারের কাছে ঢাকার এই ফাইনাল ফুটবল জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।
ভারতের জন্য সন্দীপের শেষ মুহূর্তের হেডার শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দেয়নি, বরং সাফের মুকুট ধরে রেখে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাসও গড়েছে ভারত। আর সেই ইতিহাসের কেন্দ্রে রয়ে গেল বাংলার ছেলে সন্দীপ মাণ্ডি।








