সামনে প্যালেস্টাইন চ্যালেঞ্জ, যোগ্যতা অর্জনের স্বপ্ন দেখছে ভারতের অনূর্ধ্ব-১৭ দল
এশীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে রয়েছে ভারতের ছোটরা। তবে এবার সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। মঙ্গলবার, ১৭ নভেম্বর, মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে গ্রুপ ‘ই’-র গুরুত্বপূর্ণ ম্যাচে প্যালেস্টাইনের মুখোমুখি হবে ভারতের অনূর্ধ্ব-১৭ দল। এই ম্যাচের ফলই অনেকটা নির্ধারণ করে দিতে পারে ২০২৭ সালের এশীয় অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতার মূলপর্বে পৌঁছনোর লড়াই।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: এশীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্যন্ত দুরন্ত ছন্দে রয়েছে ভারতের ছোটরা। তবে এবার সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। মঙ্গলবার, ১৭ নভেম্বর, মালয়েশিয়ার কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে গ্রুপ ‘ই’-র গুরুত্বপূর্ণ ম্যাচে প্যালেস্টাইনের মুখোমুখি হবে ভারতের অনূর্ধ্ব-১৭ দল। এই ম্যাচের ফলই অনেকটা নির্ধারণ করে দিতে পারে ২০২৭ সালের এশীয় অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতার মূলপর্বে পৌঁছনোর লড়াই।
প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে ভারতের ছোটরা। সিঙ্গাপুরকে ৪-২ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারত। এরপর গুয়ামকে কার্যত উড়িয়ে দিয়ে ১২-০ গোলের বিশাল জয় তুলে নেয় তারা। অন্যদিকে, প্যালেস্টাইনও পিছিয়ে নেই। আয়োজক মালয়েশিয়াকে ২-০ গোলে হারানোর পর গুয়ামের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে তারা।
দুই দলই এখনও পর্যন্ত ছয় পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোলপার্থক্যে অনেকটাই এগিয়ে ভারত। প্রথম দুই ম্যাচে ১৬টি গোল করার পাশাপাশি ভারতের গোলপার্থক্য এখন +১৪। সেখানে প্যালেস্টাইনের গোলপার্থক্য +৭। এই গ্রুপ থেকে একমাত্র শীর্ষস্থানাধিকারী দলই মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে। ফলে মঙ্গলবারের লড়াই কার্যত গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াই।
ভারতের আক্রমণভাগের পারফরম্যান্সও নজর কেড়েছে। ডালালমুয়ন গাংতে ইতিমধ্যেই দুটি হ্যাটট্রিক করেছেন। অন্যদিকে, গুয়ামের বিরুদ্ধে একাই চারটি গোল করেছেন রাজ সিং ওয়াহেংবাম। ফলে প্যালেস্টাইনের বিরুদ্ধে ভারতের আক্রমণভাগ যে বড় অস্ত্র হতে চলেছে, তা বলাই যায়।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ ভারতীয় দলের প্রধান কোচ মেহরাজউদ্দিন ওয়াদু। তাঁর কথায়, “প্যালেস্টাইন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। ওদের বিরুদ্ধে অন্য ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমাদের। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। তবে নিজেদের খেলার ধরন বজায় রেখে মাঠে নামতে চাই। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলাই আমাদের লক্ষ্য।”
দলের গোল করার ক্ষমতায় খুশি কোচ। তবে আত্মতুষ্টির কোনও জায়গা রাখতে চান না তিনি। ওয়াদুর কথায়, “দুই ম্যাচে ১৬টি গোল করা অবশ্যই ইতিবাচক দিক। এটা আমাদের পরিশ্রমেরই প্রতিফলন।”
পাশাপাশি রক্ষণ সামলানো, মাঠে শৃঙ্খলা বজায় রাখা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপরেও জোর দিয়েছেন তিনি।
এর আগে এশীয় যুব প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও প্যালেস্টাইন। দু’দলই একবার করে জিতেছে, একটি ম্যাচ অমীমাংসিত থেকেছে। এবার সেই লড়াইয়ে এগিয়ে থেকে মূলপর্বের পথে বড় পদক্ষেপ করতে মরিয়া ভারতের ছোটরা।
