খেলাধুলায় একটা কথা প্রচলিত আছে যে দলের রিজার্ভ বেঞ্চ যত শক্তিশালী, সেই দলই প্রকৃত অর্থে সবচেয়ে শক্তিশালী।
ভারতীয় ফুটবলের সাম্প্রতিক এই সিদ্ধান্ত তারই এক অসাধারণ উদাহরণ। একদিকে প্রায় ‘C’ দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ, অন্যদিকে মূল ‘A’ দলকে নিউজিল্যান্ডে FIFA আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পাঠানো। এমন সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) অবশ্যই প্রশংসার দাবিদার।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের সাম্প্রতিক এই সিদ্ধান্ত তারই এক অসাধারণ উদাহরণ। একদিকে প্রায় ‘C’ দল নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ, অন্যদিকে মূল ‘A’ দলকে নিউজিল্যান্ডে FIFA আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পাঠানো। এমন সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) অবশ্যই প্রশংসার দাবিদার।
আর সেই পরীক্ষার ফল যদি হয় দশম সাফ শিরোপা, তাহলে তার তাৎপর্য নিছক একটি ট্রফি জয়ের চেয়েও অনেক বেশি।
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশ যখন ইউরোপের বিভিন্ন লিগে খেলা বিদেশে জন্মানো বা প্রবাসী বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছে, তখন ভারত নিজেদের বিকল্প শক্তিকে পরখ করার সুযোগ নিয়েছে। এই মানসিকতাই আসলে একটি ফুটবল সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়।
খেলাধুলায় প্রতিভা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সাহস। প্রশাসনের কাজ শুধু পরিচিত পথে হাঁটা নয়, প্রয়োজনে নতুন পথ তৈরি করা। পরীক্ষা করা, সম্ভাবনা খুঁজে বের করা এবং ভবিষ্যতের জন্য বিকল্প শক্তি তৈরি করা। AIFF-এর এই সিদ্ধান্ত সেই ইতিবাচক মানসিকতারই পরিচয় দেয়।
অবশ্যই সমালোচনা হবে। নৈরাশ্যবাদীরা প্রশ্ন তুলবেন, নেতিবাচক মানসিকতার মানুষ খুঁত খুঁজবেন, আর কিছু armchair critics যথারীতি নিজেদের বিশেষজ্ঞ প্রমাণ করতে ব্যস্ত থাকবেন। কিন্তু মনে রাখতে হবে, পরিবর্তন কখনও নিরাপদ সিদ্ধান্তের হাত ধরে আসে না। পরিবর্তন আসে সাহসী উদ্যোগ, দূরদর্শিতা এবং নতুন কিছু করার ঝুঁকি নেওয়ার মধ্য দিয়ে।
ভারতীয় ফুটবলের রাতারাতি পরিবর্তন হবে না। কিন্তু সঠিক দিশায় নেওয়া একটি সাহসী পদক্ষেপও ভবিষ্যতের ভিত তৈরি করতে পারে। আর সেই পরিবর্তনের জন্য সময় দিতে হয়, আস্থা রাখতে হয়।
দশম সাফ শিরোপা যদি আসে, তবে তা শুধু একটি ট্রফি নয় সমালোচকদের উদ্দেশে দশটি জোরালো জবাব।
অর্জনহীন সমালোচনা করা সহজ, কিন্তু দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়া এবং তার ফল মাঠে প্রমাণ করা অনেক কঠিন।
ভারতের তরুণ ফুটবলারদের অভিনন্দন। অভিনন্দন ভারতীয় ফুটবল প্রশাসনকেও।
সাহসী সিদ্ধান্ত নিন, নতুন সম্ভাবনার দরজা খুলুন। ভারতীয় ফুটবলকে এগোতে দিন। পরিবর্তন শুরু হয়েছে, তাকে সময় দিন।








