আগুনে ম্যাচ, বিতর্কিত সিদ্ধান্ত, খাদের কিনিরা থেকে আর্জেন্টিনাকে জেতালেন যুবরাজ মেসি
৭৮ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে আর্জেন্টিনা। সেই ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার আগেই ৩-২ গোলে জিতে চলে গেল কোয়ার্টার ফাইনালে। শেষ ২০ মিনিটে নিজের ভূমিকা বদলে, স্ট্র্যাটেজি বদলে দেশকে হারা ম্যাচ জিতিয়ে দিলেন সেই আর্জেন্টাইন যুবরাজ লিওনেল মেসি। তবে এর পাশাপাশি রেফারির দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্কিত সিদ্ধান্তের কথাও অবশ্যই বলতে হবে।

গৌতম রায়

৪-২-৩-১ ফর্মেশনে মাঝমাঠে দুজনকে পিভোটিং রোলে রেখে দুর্দান্ত ডিফে্ন্স সংগঠনে আর্জেন্টিনাকে প্রায় হারিয়েই দিয়েছিল মিশর। দ্রুত কাউন্টার অ্যাটাকে দুটি গোল তুলে নিয়ে ২-০ গোলে এগিয়েও গিয়েছিল। এর পাশাপাশি শুধু প্রথমার্ধেই মেসির পেনাল্টিসহ তিনটি দুর্দান্ত সেভ করেন মিশরের গোলরক্ষক।
দু গোলে পিছিয়ে পড়ে লিওর হয়ত মনে হচ্ছিল, শুরুতেই তিনি পেনাল্টি নষ্ট না করলে হয়ত দলকে এই পরিস্থিতিতে পড়তে হত না। এরপরই স্ট্র্যাটেজি বদল মেসির বা স্কালোনির। এতক্ষণ মাঝখান দিয়ে ক্রমাগত মিশরের জমাট রক্ষণ ভাঙার চেষ্টা করে যাচ্ছিলেন মেসি। কিন্তু একসঙ্গে দু তিনজনের মার্কিং এড়িয়ে সুবিধা করতে পারছিলেন না। শেষে তিনি সরে গেলেন আরও একটু ডানদিকে। ফলে ফাঁকা জমি পেলেন। এবং ঝলসে উঠলেন। প্রথমে ঠিকানা লেখা পাস দিয়ে গোল করালেন রোমেরোকে দিয়ে। সমতা ফেরানো দ্বিতীয় গোলটা বাঁ পায়ের চেনা ছোবলে নিজেই করলেন। অবিশ্বাস্যভাবে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরালেন তিনি। তারপর লাউতারো মার্টিনেজের পাস থেকে জয়সূচক গোলটি করে গেলেন এনজো ফার্নান্ডেজ।
তবে রেফারি কি বড় ভুল করলেন? প্রশ্ন উঠল। যে ফাউলের জন্য মিশরের একটি গোল বাতিল করলেন, সেটি ফাউল ছিল? কিংবা আর্জেন্টিনার তৃতীয় গেলের আগে কি ফাউল করা হয়েছিল মিশরের ডিফে্ন্ডারকে? বিতর্ক অবশ্য রয়ে গেল। এসব নিয়ে তো মিশরের রিজার্ভ বেঞ্চে রীতিমত ঝড় উঠে গেল। সাপোর্ট স্টাফদের লাল কার্ড, হলুদ কার্ডও হল। তবে ততক্ষণে সালাহদের বুক ভেঙে কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে নিয়েছে আর্জেন্টিনা।