হার্দিক পাণ্ডিয়ার বিকল্প? বেঙ্গালুরু থেকে ক্রাইস্টচার্চ - ম্যাচের পর ম্যাচ নিজেকে প্রমাণ করছেন নমন ধির
এখনই হয়ত বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা প্রবল। নমন ধির যেভাবে এগোচ্ছেন, তাতে তাঁকে পরবর্তী হার্দিক পাণ্ডিয়া বলেই মনে করছেন অনেকে। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন। ভারতের রেকর্ড রান তাড়া করে জেতার পিছনে রাখলেন বড় অবদান। ধীরে ধীরে ভারতের আর একটা ফিনিশার অপসন বাড়াচ্ছেন। হার্দিক পাণ্ডিয়ার বিকল্প হয়ে ওঠার প্রতিশ্রুতি জাগাচ্ছেন।

ছবি সৌজন্য - এক্স - বিসিসিআই
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
এখনই হয়ত বলা যাচ্ছে না, তবে সম্ভাবনা প্রবল। নমন ধির যেভাবে এগোচ্ছেন, তাতে তাঁকে পরবর্তী হার্দিক পাণ্ডিয়া বলেই মনে করছেন অনেকে। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের জ্বলে উঠলেন। ভারতের রেকর্ড রান তাড়া করে জেতার পিছনে রাখলেন বড় অবদান। ধীরে ধীরে ভারতের আর একটা ফিনিশার অপসন বাড়াচ্ছেন। হার্দিক পাণ্ডিয়ার বিকল্প হয়ে ওঠার প্রতিশ্রুতি জাগাচ্ছেন।
এদিন নমন যখন ব্যাট করতে আসেন, তখন পরিস্থিতি ছিল কয়েকদিন আগে বেঙ্গলুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের মত। সেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচ দাঁড়ায় ৯ ওভারের। নমন যখন ব্যাট করতে আসেন তখন দ্রুত রান তোলার দরকার ছিল। তিনি দুর্দান্ত পাওয়ার আর নিয়ন্ত্রণের সঙ্গে ৬ বলে করেন ২৪ রান।
ক্রাইস্টচার্চে লক্ষ্য ছিল আরও বড়, সমীকরণ ছিল আরও কঠিন। নমন ব্যাট করতে আসার সময় ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ১৬৭ রান। জয়ের জন্য দরকার ছিল ৩৩ বলে ৬০ রান। তখন ভারতের দরকার এমন একজনকে যিনি ঝড় তুলতে পারবেন। নমন তখনই ভরসা দিলেন। বেঙ্গালুরুর মত শুরুতেই তাণ্ডব চালাননি। প্রথমে সময় নিয়েছেন। ১৭ তম ওভারকে আসতে দিয়েছেন। তারপরই তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ ও নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারকে একটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকান। এই স্পার্কটাই তখন দরকার ছিল। তারপর চারটি বাউন্ডারি মারেন, কিন্তু ক্রিকেটের ভাষায় যাকে বলে কনট্রোলড অ্যাগ্রেশন। রেকর্ড ২২৬ রান তাড়া করে ম্যাচ জিতল ভারত। ১৫ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন নমন।
ম্যাচের পর অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, নমন তাঁদের সামনে অনেক অপসন খুলে দিচ্ছেন। এদিন যে মানসিকতার পরিচয় দিলেন, তার ভূয়সী প্রশংসা অধিনায়কের মুখে।
প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ জানান, ভারত একজন ফিনিশার খুঁজছিল, সেটা পেয়ে গেল। সব মিলিয়ে হার্দিকের বিকল্প হয়ে ওঠার প্রতিশ্রুতি ভালো রকমই জাগিয়ে তুলেছেন নমন।








