রেকর্ড দ্বিশতরানে ফের ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন বৈভব সূর্যবংশী
এখনও বিষয়টা বিশ্বাস করা বেশ কঠিন যে, মাত্র ১৫ বছরের এক কিশোর সিনিয়র পর্যায়ের পেশাদার ক্রিকেটারদের কার্যত অপেশাদারদের মতো খেলতে বাধ্য করছে

এক্সট্রাটাইম নিউজডেস্ক:
এক দশক আগে যদি কেউ বলতেন, ২০২৬ সালে মাত্র ১৫ বছর বয়সি এক ক্রিকেটার ব্যাটিংয়ের সংজ্ঞাই বদলে দেবে, তাহলে তাঁকে হয়তো পাগল ভাবা হত। এখনও বিষয়টা বিশ্বাস করা বেশ কঠিন যে, মাত্র ১৫ বছরের এক কিশোর সিনিয়র পর্যায়ের পেশাদার ক্রিকেটারদের কার্যত অপেশাদারদের মতো খেলতে বাধ্য করছে। কিন্তু এটাই এখন বাস্তব। বৈভব সূর্যবংশী কার্যত ক্রিকেটে বিপ্লব ঘটাচ্ছে। অন্তত সাদা বলের ক্রিকেটে তো বটেই।
এত অল্প বয়সে লিস্ট এ ক্রিকেটে রান করার প্রত্যাশাই বা কতটা থাকে? কিন্তু বৈভব যে আর পাঁচটা ক্রিকেটারের মতো নয়! সংযুক্ত আরব আমিরশাহি হয়তো ক্রিকেটের খুব বড় শক্তি নয়, কিন্তু তাদের বিরুদ্ধে ৫২ বলে ২০০ রান করার প্রত্যাশা কেউই করে না। বৈভব অবশ্য সমস্ত প্রত্যাশার ঊর্ধ্বে। একার হাতেই নিজের দলকে এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পৌঁছে দিল এই বিস্ময় বালক।
ম্যাচের কথায় আসা যাক। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে সংযুক্ত আরব আমিরশাহি। ১৪৪ বলে ১৩০ রানের দুরন্ত ইনিংস খেলেন হরপ্রীত ভাটিয়া। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আরশাদ খান। ৪৩ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি।
তবে আসল বিস্ফোরণ তখনও বাকি ছিল। রান তাড়া করতে নেমে বৈভব মাত্র ৮ রান করেছেন সিঙ্গলস ও ডাবলস থেকে। সাধারণত ৫০ ওভারের লিস্ট এ বা ওয়ানডে ক্রিকেটে স্ট্রাইক রোটেট করে খেলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বৈভব যেন এই ফরম্যাটকেই অন্য এক সংজ্ঞা দিল। তাঁর ব্যাটিংয়ে ছিল শুধুই চার-ছক্কার বৃষ্টি।
মোট ২০৪ রানের ইনিংসে বাউন্ডারি থেকেই এসেছে ১৯৬ রান। মাত্র ৫৩ বলে ২৮টি ছক্কা! সংখ্যাগুলো শুনলেই যেন অবিশ্বাস্য মনে হয়। মাত্র ২৮ বলে শতরান করে লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতরানের নজির গড়ে বৈভব। এরপর মাত্র ৪০ বলে ১৫০ এবং ৫২ বলে দ্বিশতরান। দুটি ক্ষেত্রেই তৈরি হয় লিস্ট এ ক্রিকেটের নতুন ইতিহাস।
বৈভবের ২০৪ রানের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তাঁর স্ট্রাইক রেট প্রায় ৪০০! দলের মোট রানের ৮০ শতাংশেরও বেশি এসেছে এই কিশোরের ব্যাট থেকে। ক্রিকেটের ইতিহাসে এর আগে বহু স্মরণীয় ইনিংস দেখা গিয়েছে। কিন্তু বৈভব সূর্যবংশী যেন অন্য গ্রহের ক্রিকেট খেলছে।
প্রশ্ন উঠছে, ১৫ বছর বয়সে সচিন তেন্ডুলকরের উত্থানও কি এমনই ছিল? সেই সময় অবশ্য এত মানুষের সামনে খেলার সুযোগ ছিল না। তবে যাঁরা সচিনের শুরুর দিনগুলো দেখেছেন, তাঁদের অনেকের কাছেই বৈভবের উত্থানের সঙ্গে ক্রিকেটের ঈশ্বরের কেরিয়ারের শুরুর দিকের অদ্ভুত মিল খুঁজে পাওয়া স্বাভাবিক।
হয়তো আগামী দিনে এই প্রজন্মের সচিন হয়ে উঠবে বৈভব। বয়স মাত্র ১৫। সামনে এখনও অনেকটা পথ চলা বাকি। কিন্তু সাদা বলের ক্রিকেটে নিজের প্রতিভা এবং সামর্থ্য নিয়ে ইতিমধ্যেই কোনও প্রশ্ন রাখেনি সে। এই পারফরম্যান্সের পর ভারতীয় দলের নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট কি তাকে নিয়ে নতুন করে ভাববে? সেই উত্তর অবশ্য সময়ই দেবে। তবে একটা বিষয় স্পষ্ট, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের অন্যতম বড় তারকা হওয়ার দাবি ইতিমধ্যেই জোরালোভাবে প্রতিষ্ঠা করেছে বৈভব সূর্যবংশী।
