‘বাগান থেকে লাইভ রিপোর্টিং’ রোহিত শর্মার নতুন টিভি শোয়ের টিজারে হাসির ঝড়, ফের ভাইরাল ‘জার্সি নম্বর ৪৫’
ক্রিকেটের মাঠের তীব্র প্রতিযোগিতা ও চাপ থেকে বেরিয়ে ‘Family Full House’-এ রোহিতকে দেখা যাবে অনেক বেশি স্বচ্ছন্দ, মজাদার এবং অন্যরকম ভূমিকায়।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ক্রিকেটের মাঠে দাপট দেখানোর পর এবার টেলিভিশনের পর্দায় নিজের ছাপ ফেলতে প্রস্তুত ‘হিটম্যান’ রোহিত শর্মা। তবে এবার তাঁর ভাইরাল হওয়ার কারণ কোনও ক্রিকেটীয় কীর্তি নয়, বরং তাঁর চেনা রসিকতা। আসন্ন টেলিভিশন শোয়ের নতুন টিজারে রোহিত শর্মার এক মজার সংলাপ ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
নতুন টিজারে ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে রোহিতকে বলতে শোনা যাচ্ছে, “গার্ডেন থেকে রিপোর্টিং, জার্সি নম্বর ৪৫।” তাঁর এই সংলাপ মুহূর্তেই মনে করিয়ে দিয়েছে ২০২৪ সালের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের সেই বহুলচর্চিত স্টাম্প-মাইক মুহূর্তকে।
সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থদের উদ্দেশে রোহিতকে বলতে শোনা গিয়েছিল, “কেউ গার্ডেনে ঘুরবে না।” সতীর্থদের মাঠে অলসভাবে ঘোরাঘুরি না করার সেই নির্দেশই পরবর্তীকালে পরিণত হয় জনপ্রিয় ইন্টারনেট মিমে। আর এবার নিজের টেলিভিশন অভিষেকের টিজারে সেই পুরনো মুহূর্তকেই হাস্যরসের মোড়কে ফিরিয়ে আনলেন রোহিত।
এই শোয়ের মাধ্যমে প্রথমবার বড় পরিসরে টেলিভিশন হোস্টিংয়ে দেখা যাবে ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখকে।
ক্রিকেটের মাঠের তীব্র প্রতিযোগিতা ও চাপ থেকে বেরিয়ে ‘Family Full House’-এ রোহিতকে দেখা যাবে অনেক বেশি স্বচ্ছন্দ, মজাদার এবং অন্যরকম ভূমিকায়। পরিবার, হাসি-মজার মুহূর্ত এবং বিশেষ অতিথিদের উপস্থিতিতে সাজানো হবে অনুষ্ঠানটি।
টিজার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে রোহিতকে ঘিরে মিম, ভিডিও ক্লিপ এবং কাউন্টডাউন। তাঁর জনপ্রিয় ‘জার্সি নম্বর ৪৫’ এবার ব্যাট হাতে নয়, হাতে তুলে নিতে চলেছে মাইক্রোফোন।
তাহলে অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। ১৯ সেপ্টেম্বর দেখা যাবে ক্রিকেটের মাঠের ‘হিটম্যান’ টেলিভিশনের পর্দায় কতটা জমিয়ে ‘রিপোর্টিং’ করেন!








