“ক্লান্তির জন্যই হয়ত ভালো খেলতে পারিনি”, জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও হাবাস
“এটা আমার দলের একটা খারাপ পারফরম্যান্স। আমার মনে হয়, আমার দল খুব ক্লান্ত ছিল। আমরা ইনটেনসিটি ও ট্রানজিশন গোটা সময় ঠিকমত ধরে রাখতে পারিনি। প্রতিপক্ষ খুব ভাল খেলেছে। যেটা আমাদের সমস্যায় ফেলছিল।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
হতাশ, অসন্তুষ্ট আন্তোনিও লোপেজ হাবাস। ওমানে আল সিবের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ ড্র করার পর সাংবাদিক সম্মেলনে এটাই ছিল তাঁর মূল বক্তব্য। হাবাস জানান, “এটা আমার দলের একটা খারাপ পারফরম্যান্স। আমার মনে হয়, আমার দল খুব ক্লান্ত ছিল। আমরা ইনটেনসিটি ও ট্রানজিশন গোটা সময় ঠিকমত ধরে রাখতে পারিনি। প্রতিপক্ষ খুব ভাল খেলেছে। যেটা আমাদের সমস্যায় ফেলছিল। আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা এক সপ্তাহ কলকাতার বাইরে যাতায়াত করে যাচ্ছি। তবে আশাবাদি পরের ম্যাচের আগে আমরা এই ব্যাপারটা কাটিয়ে উঠতে পারবো।“
আগামি ৩ নভেম্বর যুবভারতীতে এই আল সিবের সঙ্গেই ফিরতি ম্যাচ। সেটা নিয়ে ইস্টবেঙ্গল কোচ জানান, “আমরা একটা করে ম্যাচ নিয়ে ভাবছি। পরের ফিরতি ম্যাচটাই আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে। আমরা তার বেশি কিছু ভাবছি না।“
এদিনের ম্যাচ নিয়ে হাবাস আরও বলেন, “এদিন যে কেউ জিততে পারত। আল সিবের পক্ষেও জেতা সম্ভব ছিল। ইস্টবেঙ্গলের পক্ষেও সম্ভব ছিল, কিন্তু ম্যাচটা গোলশূন্যভাবে শেষ হল। কলকাতায় এই ফলটা বদলে দেওয়ার জন্যই আমাদের লড়াই করতে হবে। আমরা জানি, আমরা আরও ভালো খেলতে পারি।“
