বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত
মনে আছে কি, এই স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনার একটি জাতীয় যুব দলকে হারিয়েছিল ভারত? সেই ম্যাচের পর অভিভূত স্কালোনি ভারতীয় শিবিরে এসে ফুবলারদের উদ্দীপ্ত করে গিয়েছিলেন।
ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
গৌতম রায়
পরপর দুবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। কোচের দায়িত্বে লিওনেল স্কালোনি। কিন্তু মনে আছে কি, এই স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনার একটি জাতীয় যুব দলকে হারিয়েছিল ভারত? সেই ম্যাচের পর অভিভূত স্কালোনি ভারতীয় শিবিরে এসে ফুবলারদের উদ্দীপ্ত করে গিয়েছিলেন।
ঘটনাটা ২০১৮ সালের। ২০১৭-য় ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে যে ভারতীয় দল খেলেছিল, তারাই পরের বছর অনূর্ধ্ব ২০-র ব্যাচ হয়। ভারতের সেই অনূর্ধ্ব ২০ দল খেলতে গিয়েছিল স্পেনের ভ্যালেন্সিয়ায় কোটিয়া কাপে। সেই টুর্নামেন্টে অনূর্ধ্ব ২০ আর্জেন্টিনা দলকে নিয়ে খেলতে এসেছিলেন লিওনেল স্কালোনি। সেই দলকেই ২-১ গোলে হারিয়েছিল সেই ভারতীয় দল। জয়সূচক গোলটি করেছিলেন আনোয়ার আলি।
ওই ম্যাচ দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন স্কালোনি। ম্যাচের দুদিন পরে তিনি সেই আর্জেন্টিনা দলের টিডি পাবলো আইমারকে সঙ্গে নিয়ে এসেছিলেন ভারতীয় ড্রেসিংরুমে। জিকসন সিং, অমরজিৎ সিংদের ভূয়সী প্রশংসা করে দিয়েছিলেন মূল্যবান পরামর্শ। এবং তখনই তিনি জানিয়ে ছিলেন সিনিয়র ভারতীয় দলের সঙ্গে খেলতে পারলে তিনি খুশি হবেন।
আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন অমরজিৎ। জিকসন অবশ্য ওই ম্যাচে খেলতে পারেননি। কিন্তু তার আগে প্রথম ম্যাচটায় দুর্ধর্ষ ফুটবল খেলেছিলেন জিকসন। সেই ম্যাচও দেখেছিলেন স্কালোনি। তাই তিনি বিশেষভাবে এই দুজনের প্রশংসা করেছিলেন।
চলতি বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এই দলের কোচ যেমন স্কালোনি, তেমনি তাঁর সহকারি কোচ পাবলো আইমার। ২০১৮-র সেই যুব দলের জুটি। এসব দেখতে দেখতে তাই মনে হয়, তাহলে কেন সেই অন্ধকারেই পড়ে রইল ভারতীয় ফুটবল? যাঁরা স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারাতে পারেন, তাঁরাই বা কতদূর এগোতে পারলেন?
