নিউজিল্যান্ডের কাছে পাঁচ গোলে বিধ্বস্ত, গতি, শক্তি ও প্রেসিং ফুটবলের সামনে ভেঙে পড়ল ভারত
প্রথম অর্ধেই তিনটি গোল, তবে গোলে বিশাল কাইথ না থাকলে হতে পারত আরও গোটা তিনেক গোল। দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টিও বাঁচান বিশাল। পাঁচ গোল খাওয়ার জন্য তাঁকে কোনওভাবেই দায় দেওয়া যাবে না। বরং আরও তিন চারটি গোল না খাওয়ার জন্য কৃতিত্বই দিতে হবে তাঁকে।
এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ৫-০ গোলে হারল ভারত। উরুগুয়ের কাছে ৬ গোল খাওয়ার পর নিউজিল্যান্ডের কাছে ৫ গোল হজম। ওই ধরণের শক্তিধর দেশের বিরুদ্ধে খেলার অনেক ভাল দিক থাকে তবে খারাপ দিক হল, এত বড় হারে আত্মবিশ্বাস কমে যেতে পারে। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে ৮৮ নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেন ৫ গোল খেতে হল!
কেনও সন্দেহ নেই অনেক বেশি শক্তিশালী দল নিউজিল্যান্ড। গতি আর শারীরিক সক্ষমতা – এই দুটো ব্যাপারেই ভারতকে শেষ করে দিল কিউয়িরা। তার সঙ্গে যোগ হয়েছে বলের দখল হারালেই কিউয়িদের ভয়ঙ্কর প্রেসিং। প্রচণ্ড তাড়া খেয়ে ভারতের খেলা আরও এলোমেলো হয়ে গেল। আর কিউয়ি ফুটবলারদের নিখুঁত পাসিং। পাসিং তো নয়, যেন জ্যামিতি! দক্ষতার সঙ্গে অনেক অনুশীলন, অনেক পরিশ্রমের ফলেই এমন পাসিং ফুটবল খেলা যায়!
প্রথম অর্ধেই তিনটি গোল, তবে গোলে বিশাল কাইথ না থাকলে হতে পারত আরও গোটা তিনেক গোল। দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টিও বাঁচান বিশাল। পাঁচ গোল খাওয়ার জন্য তাঁকে কোনওভাবেই দায় দেওয়া যাবে না। বরং আরও তিন চারটি গোল না খাওয়ার জন্য কৃতিত্বই দিতে হবে তাঁকে।
কিউয়িদের প্রচণ্ড প্রেসিং ফুটবলের সামনে ভারতের মাঝমাঠ থিতু হতে পারল না। এত গতিতে জোনাল কভারিংটাও করছিলেন কিউয়ি ফুটবলাররা যে ভারতীয়রা পাস করার জায়গা যেমন পাচ্ছিল না, তেমনি ফাঁকা লোককেও খুঁজে পাচ্ছিল না। আর চাপের মুখে রক্ষণে ভুলের পর ভুল, তখনই ভীষণ মনে পড়ছিল আনোয়ারকে। পাঁচ গোলে বিধ্বস্ত হওয়ার পিছনে কারণ এগুলোই ।১৫ নভেম্বর রবিরার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রেন্ডলি খেলবে ভারত।
