বিতর্কিত সিদ্ধান্ত, অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েও প্রত্যাখ্যান রঞ্জিত বাজাজের
রঞ্জিত বাজাজের সিদ্ধান্তে ভারতীয় ফুটবল মহল অবাক। অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের জন্য ভারতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল বাজাজকে, কিন্তু সেই প্রস্তাব তিন ফিরিয়ে দিলেন।

এক্সট্রাইম ওয়েব ডেস্ক
রঞ্জিত বাজাজের সিদ্ধান্তে ভারতীয় ফুটবল মহল অবাক। অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপের জন্য ভারতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছিল বাজাজকে, কিন্তু সেই প্রস্তাব তিন ফিরিয়ে দিলেন। একই সঙ্গে কোচের দায়িত্ব দেওয়া হয় বিবিয়ানো ফার্নান্ডেজকে। বাজাজ জানিয়েছেন, বিবিয়ানো ও তাঁর দলকে খেলানোর স্টাইল আলাদা, তাই তিনি বিবিয়ানোর সঙ্গে কাজ করতে অসম্মত হয়েছেন। এই যুক্তি নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
এমনিতে তাঁর মিনার্ভা অ্যাকাডেমির দলকে নিয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যের জন্যই ফেডারেশন তাঁকে এই দায়িত্ব দিয়েছিল। বাজাজ ভারতীয় ফুটবলে প্রথম সাড়া ফেলেন, যখন তাঁর মিনার্ভা পঞ্জাব ফুটবল ক্লাব ২০১৭-১৮ সালে আইলিগে চ্যাম্পিয়ন হয়। তবে তাঁর অ্যাকাডেমির সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যই তাঁকে আবার লাইমলাইটে নিয়ে আসে। ফুটবলে বিশ্বের প্রথম সারির দেশের অ্যাকাডেমি দলগুলিকে হারিয়ে পরপর দুবার সুইডেনের গোথিয়া কাপে চ্যাম্পিয়ন মিনার্ভা অ্যাকাডেমি। এবার তো আবার তার সঙ্গে হেলসিঙ্কি কাপেও চ্যাম্পিয়ন। ইউরোপের এই ডাবলের পর ইউরোপজুড়েও হেডলাইন পেয়ে যায়, আলোচনায় উঠে আসে বাজাজের মিনার্ভা অ্যাকাডেমি। এই টুর্নামেন্টগুলিতে ম্যানেজার তো বটেই, টেকনিক্যাল ব্যাপারও সামলে ছিলেন বাজাজ নিজেই।
এই সাফল্যের পরই নড়েচড়ে বসে ফেডারেশন। তাঁকে অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ দলের ম্যানেজর করে দেওয়া হয়। কিন্তু গ্রহণ না করে অবাঞ্ছিত বিতর্ক তৈরি করলেন তিনি। গোথিয়া কাপ জিতে আসার পর ফেডারেশনের কাছে তিনি আবেদন করেছিলেন, তাঁকে একবার অনূর্ধ্ব ১৫ দলের দায়িত্ব দেওয়া হোক, তিনি সাফল্য এনে দেবেন। এরপর তিন লক্ষ মানুষও ভোট দিয়ে বাজাজকে দায়িত্ব দেওয়ার ব্যাপারকে সমর্থন করেছিলেন। শেষ পর্যন্ত ফেডারেশনও তাতে সাড়া দিল। তাঁকে দায়িত্ব দেওয়া হল। কিন্তু অদ্ভুত যুক্তি দেখিয়ে পিছিয়ে গেলেন রঞ্জিত বাজাজ। প্রশ্ন তো উঠছেই, তাহলে কেন বলে আসছিলেন তাঁকে দায়িত্ব দেওয়া হোক! অদ্ভুত সিদ্ধান্ত। যুক্তিটাও অদ্ভুত, যা বোধগম্য হচ্ছে না।
