ব্রাজিল-উরুগুয়ের বিরুদ্ধে নামার অপেক্ষায় অনোয়ার, ‘সব ভারতীয়কে গর্বিত করতে নিজেদের সেরাটা দেব’
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং শক্তিশালী পানামার বিরুদ্ধে খেলার গুরুত্ব প্রসঙ্গে অনোয়ার বলেন, “আগামী ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আমাদের সামনে ঐতিহাসিক সুযোগ অপেক্ষা করছে। ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারত বিশ্বকাপে খেলা পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলবে।”
এক্সট্রাটাইম নিউজডেস্ক: ব্রাজিল, পানামা এবং উরুগুয়ের মতো বিশ্বমানের দল ভারতের মাটিতে খেলতে আসছে। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তবে সমর্থকদের পাশাপাশি সবচেয়ে বেশি রোমাঞ্চিত ভারতীয় ফুটবলাররাও। কারণ বিশ্বমঞ্চের অন্যতম সেরা দলগুলির বিরুদ্ধে নিজেদের দক্ষতা মেলে ধরার এমন সুযোগ বারবার আসে না। দেশের হয়ে সেরাটা দিয়ে নিজেদের প্রমাণ করতে মরিয়া টিম ইন্ডিয়া।
এই ম্যাচগুলিতে বিশেষ নজর থাকবে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার অনোয়ার আলির উপর। কারণ ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নামতে হবে তাঁকে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ, জন্মদিনে, বিশেষ সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাসের কথা জানালেন অনোয়ার।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং শক্তিশালী পানামার বিরুদ্ধে খেলার গুরুত্ব প্রসঙ্গে অনোয়ার বলেন, “আগামী ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আমাদের সামনে ঐতিহাসিক সুযোগ অপেক্ষা করছে। ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ভারত বিশ্বকাপে খেলা পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে খেলবে।”
ভারতীয় ফুটবলের জন্য এই ম্যাচগুলি কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রসঙ্গে অনোয়ার বলেন, “ভারতীয় জাতীয় দলের একজন সদস্য হিসেবে আমি মনে করি, বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলগুলির বিরুদ্ধে খেলা আমাদের জন্য মূল্যবান অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ। একইসঙ্গে এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে ভারতীয় ফুটবলের জনপ্রিয়তাও বাড়বে।”
এই তিনটি হাই-প্রোফাইল ম্যাচ আয়োজনের জন্য এআইএফএফ-এর ভূমিকাকেও কৃতজ্ঞতা জানিয়েছেন অনোয়ার। তাঁর কথায়, “এমন উচ্চমানের ফুটবল খেলুড়ে দেশগুলির বিরুদ্ধে পরপর তিনটি ফ্রেন্ডলি আয়োজন করার জন্য আমি এআইএফএফ-কে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, ফুটবলার এবং সমর্থক—দুই পক্ষের কাছেই এটি বিরাট একটি মুহূর্ত হতে চলেছে। এই ম্যাচগুলিকে ঘিরে উত্তেজনা নজিরবিহীন হবে।”
ইস্টবেঙ্গল ফুটবলার হিসেবে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন অনোয়ার। তিনি বলেন, “ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের একজন খেলোয়াড় হিসেবে নিজেদের ঘরের মাঠ, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল ও উরুগুয়ের মতো প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলার জন্য আমি আরও বেশি উত্তেজিত। ভারতীয় সমর্থকরা বিপুল সংখ্যায় আমাদের উৎসাহ দিতে আসবেন। তাঁদের গর্বিত করতে আমরা এই ম্যাচগুলিতে নিজেদের সেরাটা দেব।”
সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ফিফা র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারতীয় দল। একই মাঠে ৬ অক্টোবর দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
ব্রাজিল, উরুগুয়ে ও পানামার মতো দলের বিরুদ্ধে এই তিনটি ম্যাচ ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে বড় মঞ্চ। এই ম্যাচগুলি দেশের ফুটবলারদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি বিশ্ব ফুটবলের নজরও ভারতের দিকে টেনে আনতে পারে।








