বিশ্বশান্তির বার্তা দিয়ে সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুম ছাড়ল ইরান ফুটবল দল
বেলজিয়ামের বিরুদ্ধে ২১ জুন অনুষ্ঠিত গোলশূন্য (০-০) ড্রয়ের পর লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি আবেগঘন হাতে লেখা চিঠি রেখে যায় ইরানের ফুটবলাররা।

এক্সট্রাইম ওয়েব ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের লড়াকু মানসিকতার পাশাপাশি মানবিক বার্তার জন্যও বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে ইরান জাতীয় ফুটবল দল। বেলজিয়ামের বিরুদ্ধে ২১ জুন অনুষ্ঠিত গোলশূন্য (০-০) ড্রয়ের পর লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি আবেগঘন হাতে লেখা চিঠি রেখে যায় ইরানের ফুটবলাররা।
ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশিত ওই চিঠিতে বিশ্বশান্তির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ চলাকালীন দলটির সামনে আসা নানা ভ্রমণ ও লজিস্টিক সমস্যার কথাও উঠে এসেছে।
বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে খেলেছে ইরান। তবে দলটির বেস ক্যাম্প ছিল মেক্সিকোর টিজুয়ানায়। বিশেষ কিছু বিধিনিষেধের কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান না করে প্রতিটি ম্যাচের জন্য টিজুয়ানা থেকে যাতায়াত করতে হয়েছে তাদের। এই পরিস্থিতিকে ইরানের কোচ আমির ঘালেনোয়ি বারবার কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।
ড্রেসিংরুমে রেখে যাওয়া হাতে লেখা বার্তায় বলা হয়:
"হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত, ইরানের আত্মা আজও জীবন্ত ও অটল। লস অ্যাঞ্জেলেস, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা গর্ব নিয়ে এখানে এসেছিলাম, সম্মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।"
এছাড়া চিঠিতে ইরানি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, সমর্থকরা দুই ম্যাচেই দলের জন্য তাদের "হৃদয়, কণ্ঠস্বর ও আত্মা" উজাড় করে দিয়েছেন।
চিঠির শেষাংশে বিশ্বের সব দেশের মধ্যে শান্তি, পারস্পরিক সম্মান এবং বন্ধুত্বের আহ্বান জানানো হয়, যা ফুটবলের গণ্ডি ছাড়িয়ে মানবতার এক শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইরান। এরপর বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের প্রতিপক্ষ মিশর। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিয়াটলে।
ইরানের এই মানবিক উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে ক্রীড়াঙ্গনে শান্তি ও ঐক্যের এক অনন্য বার্তা হিসেবে দেখছেন।








