বর্ণবিদ্বেষ বিতর্কে বিশ্বকাপের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে অপসারণের দাবি
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দায়িত্বে থাকা এক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়েছে বর্ণবাদ ও বৈষম্যবিরোধী পর্যবেক্ষক সংস্থা ফেয়ার (Fare Network)। সংস্থাটির অভিযোগ, অস্ট্রেলিয়ার VAR কর্মকর্তা শন ইভান্স সম্প্রচারিত ভিডিওতে এমন একটি হাতের ইঙ্গিত করেছেন, যা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর ব্যবহৃত প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দায়িত্বে থাকা এক ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়েছে বর্ণবাদ ও বৈষম্যবিরোধী পর্যবেক্ষক সংস্থা ফেয়ার (Fare Network)। সংস্থাটির অভিযোগ, অস্ট্রেলিয়ার VAR কর্মকর্তা শন ইভান্স সম্প্রচারিত ভিডিওতে এমন একটি হাতের ইঙ্গিত করেছেন, যা শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর ব্যবহৃত প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
রবিবার জার্মানি ও কুরাসাওয়ের ম্যাচ শুরুর আগে টেলিভিশন সম্প্রচারে VAR বিশ্লেষক দলের ছবি দেখানো হয়। সেই সময় শন ইভান্সকে ডান হাত দিয়ে ‘OK’ চিহ্নের মতো একটি ইঙ্গিত করতে দেখা যায়। ম্যাচটি হিউস্টনে অনুষ্ঠিত হলেও VAR কর্মকর্তারা ডালাসে অবস্থিত ফিফার সম্প্রচার কেন্দ্রে বসে দায়িত্ব পালন করছিলেন।
ফেয়ার নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, তাদের বিশেষজ্ঞদের মতে ইভান্সের ব্যবহৃত ইঙ্গিতটি উল্টো করা ‘OK’ হ্যান্ড সিম্বলের মতো, যা আন্তর্জাতিক উগ্র ডানপন্থী ও শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর মধ্যে ‘White Power’ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
সংস্থাটি আরও বলেছে, “এমন একটি ফুটবল আসরে ক্যামেরা নিজের দিকে তাক করা অবস্থায় কেন একজন VAR কর্মকর্তা এই প্রতীক ব্যবহার করবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের মতে, তার এই বিশ্বকাপে আর কোনও ভূমিকা থাকা উচিত নয়।”
ফেয়ার ইভান্সের আচরণকে “নব্য-নাৎসি প্রতীকের ব্যবহার” হিসেবে উল্লেখ করে ফিফার কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
এ বিষয়ে ফিফার মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে অস্ট্রেলিয়ার ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন এবং ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
তবে ইভান্স ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক বার্তা দিয়েছেন নাকি এটি শুধুই একটি নিরীহ মজার অংশ ছিল, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ‘সার্কেল গেম’ বা ‘গটচা’ নামে পরিচিত একটি জনপ্রিয় শিশুতোষ খেলায় কোমরের নিচে উল্টো ‘OK’ চিহ্ন দেখানো হয় এবং কেউ সেটির দিকে তাকালে তাকে মজার ছলে আঘাত করা হয়। অনেকের মতে, ইভান্স হয়তো সেই ধরনের কোনও রসিকতাই করছিলেন।
তবে ২০১০-এর দশকে অনলাইন প্ল্যাটফর্ম 4chan-এ শুরু হওয়া প্রচারের মাধ্যমে এই ‘OK’ চিহ্নটি ধীরে ধীরে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর প্রতীক হিসেবে ব্যবহৃত হতে শুরু করে। পরবর্তীতে ২০১৯ সালে নিউইয়র্কভিত্তিক সংগঠন Anti-Defamation League (ADL) এটিকে ঘৃণাত্মক প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করে।
তবে ADL-এর সেন্টার অন এক্সট্রিমিজমের পরিচালক ওরেন সেগাল সে সময় বলেছিলেন, এই প্রতীকের অর্থ নির্ধারণে প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি অনেক ক্ষেত্রেই নিরীহ বা সাধারণ অর্থেও ব্যবহৃত হয়ে থাকে।
শন ইভান্স ফিফার নির্বাচিত ৩০ জন VAR বিশ্লেষকের একজন, যারা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচগুলোতে দায়িত্ব পালন করছেন।
এদিকে ফেয়ার দাবি করেছে, ঘটনার পরবর্তী দুই ম্যাচে টেলিভিশন সম্প্রচারে VAR কর্মকর্তাদের পরিচিতি প্রদর্শন করা হয়নি, যা বিষয়টিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।








