ফাইনালের আগে ফাইনাল, বলছেন ফুয়েন্তে, দেশঁর মুখে দলের সংহতির কথা
ইউরোপের দুই ফুটবল মহাশক্তির দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্ব। টানটান উত্তেজনা, দুই শিবিরে চাপা টেনশন, বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঘিরে রীতিমত যুদ্ধের আবহ।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
মঙ্গলবার রাতে কি বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা ম্যাচ হতে যাচ্ছে? ফ্রান্স বনাম স্পেন, এই মুহূর্তে ফিফা ক্রমতালিকায় এক ও তিন নম্বরের খেলা। তার চেয়েও বড় কথা, দুরন্ত ফর্মে রয়েছে দুটি দল। ইউরোপের দুই ফুটবল মহাশক্তির দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্ব। টানটান উত্তেজনা, দুই শিবিরে চাপা টেনশন, বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঘিরে রীতিমত যুদ্ধের আবহ।
এই ম্যাচে মহাতারকা কিলিয়ন এমবাপের দিকে সকলের নজর। ২০১৮-র চ্যাম্পিয়ন ফ্রান্স দলে তিনি ছিলেন। ২০২২-এ রানার্স ফ্রান্স দলেও ছিলেন। এবার কী হবে, তা নিয়ে কৌতুহল তুঙ্গে। বিশ্বকাপে এখনও পর্যন্ত ২০ ম্যাচে ২০ গোল রয়েছে এমবাপের। তার মধ্যে ফাইনালেই রয়েছে ৪টি গোল। আর এবার তো ৮ গোল করে মেসির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন গোল্ডেন বুটের দৌড়ে।
দুই কোচই সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে ফরাসি শিবিরে একটু অস্বস্তি আছে। ছোটখাট চোট আঘাত রয়েছে দলে। কোনে সামান্য অসুস্থ। দুই ডিফন্ডার উপামেকানে ও সালিবার পিঠে ব্যথা। চুয়ামেনিরও চোট, তাঁর খেলা নিয়ে সংশয় আছে। যদিও স্পেন শিবিরে কোনও চোট আঘাত নেই। স্পেন কোচ ফুয়েন্তে বলেছেন, এটা ফাইনালের আগে একটা ফাইনাল। অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলছেন, আমাদের দলের সংহতিই শক্তি।
সাম্প্রতিক অতীতের পরিসংখ্যানে অবশ্য স্পেন এগিয়ে আছে। ২০২৪ ইউরো সেমিফাইনালেও জিতেছিল স্পেন, ২০২৫-এর উয়েফা নেশনস লিগেও জিতেছিল স্পেন। দু দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানেও এগিয়ে স্পেন। এখনও পর্যন্ত ৩৮ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। স্পেন জিতেছে ১৮ বার, ফ্রান্স জিতেছে ১৩ বার। এবং ম্যাচ ড্র হয়েছে ৭ বার। এটা কি মঙ্গলবারের ম্যাচে মানসিকভাবে স্পেনকে এগিয়ে রাখবে?
কী দুর্ধর্ষ লড়াই অপেক্ষা করে আছে কে জানে। একদিকে এমবাপে, দেম্বেলে, ওলিজে, দুয়ে। অন্যদেকে রড্রি, পেড্রি, ওলমোরা। ফুয়ন্তেই বোধহয় ঠিক বলেছেন, এটা আর ফাইনালের চেয়ে কম কী!
